২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ইজিবাইক চালক ও শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ১২

হামলার প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন ইজিবাইক চালকরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 09:09 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

নারায়ণগঞ্জ নগরে যানজট নিরসনের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী ও শিক্ষার্থীদের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে ইজিবাইক চালকরা ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বুধবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের চাঁদমারী এলাকায় এ ঘটনায় ঘটে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পুলিশ।

ঘটনাস্থলে পুলিশ ও বিজিবি মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন জেলা প্রশাসক। বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও উপস্থিত ছিলেন।

বিকেল ৫টার দিকে বৈঠক শেষে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দেন এবং অনুমোদনহীন কোনো ব্যাটারিচালিত রিকশা শহরে প্রবেশ করতে পারবে না বলেও জানান।

ইজিবাইক চালক, পুলিশ ও যানজট নিরসন কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহরে যানজট নিরসনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও বিকেএমইএ’র সহযোগিতায় অন্তত ৫০ সাধারণ শিক্ষার্থীকে স্বেচ্ছাসেবক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তারা ট্রাফিক পুলিশ ও সিটি করপোরেশনের যানজট নিরসন কর্মীদের সঙ্গে সহায়ক ভূমিকা পালন করছেন।

সম্প্রতি যানজট নিরসনে জেলা প্রশাসন এক বৈঠকে চার আসনের ব্যাটারিচালিত ইজিবাইক শহরের কয়েকটি পয়েন্টে থামার নির্দেশ দেয়। তবে সেগুলো শহরের ভেতরে প্রবেশ করতে পারবে না। এ ঘটনার প্রতিবাদে ১১ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন চালকরা।

মঙ্গলবার নির্ধারিত স্থানে ইজিবাইক না থামিয়ে শহরের ভেতর প্রবেশ করা নিয়ে যানজট নিরসনের দায়িত্বে থাকা এক শিক্ষার্থীর সঙ্গে চালকদের কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জেরে বুধবার দুপুরে চালকরা তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

আহত শিক্ষার্থী মারুফ বলেন, “চাঁদমারীর পর ইজিবাইক ঢোকা নিষেধ। আমরা বাধা দিলে চালকরা সকলে মিলে আমাদের ওপর হামলা করে। পরে বিষয়টি জানানোর জন্য চালকদের জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যেতে চাইলে তারা আবার হামলা চালায়।”

তবে ইজিবাইক চালকদের অভিযোগ, যেসব স্থানে গাড়ি থামানোর কথা বলা হয়েছে, সেখানে যাত্রী পাওয়া যায় না। ফলে তাদের শহরে প্রবেশ করা ছাড়া কোনো উপায় নেই।

ইজিবাইক চালক মাহিম আহমেদ বলেন, “কিছু থেকে কিছু হলেই গাড়ির চাকা ফুটো করে দেয়। কিছু বললেই আমাদের দিকে তারা তেড়ে আসে। আজও তারা লোকজন জড়ো করে আমাদের ওপর হামলা করে।”

এ ঘটনায় তাদের অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “এইটা একটা অনাকাঙ্খিত ঘটনা। ভুল বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে। পরে জেলা প্রশাসকের নেতৃত্বে বসা আলোচনায় একটা সমাধান হয়েছে। ইজিবাইক চালকরাও ট্রাফিক নির্দেশনা মেনে চলবেন।”

আগামীতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পুলিশের নজরদারি থাকবে বলেও জানান পুলিশ সুপার।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি তদন্তে জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি করবে। তদন্তের পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যারা আহত বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরও সহযোগিতা করা হবে।”

তবে আগের সিদ্ধান্ত অনুযায়ী সিটি করপোরেশন অনুমোদিত ব্যাটারিচালিত রিকশা বা ইজিবাইকের বাইরে কোনো বাহন শহরে প্রবেশ করতে পারবে না বলে জানান জেলা প্রশাসক।