২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে এক ঘরে সন্তানের লাশ, আরেক ঘরে মায়ের

“ওই নারীর স্বামী ফরিদপুরে আছেন। তার সঙ্গে কথা বলা যায়নি। এ মুহূর্তে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না,” বলেন সদরপুর থানার ওসি।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2025, 12:33 AM

Updated : 26 Aug 2026, 02:19 PM

ফরিদপুরে একটি বাড়ি থেকে এক নারী ও শিশু সন্তানের লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। 

শুক্রবার সন্ধ্যায় সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সুমাইয়া আক্তার (২২)। তার সন্তানের নাম হুজাইফা (৪)। রক্তাক্ত অবস্থায় একটি ঘরে হুজাইফার লাশ পড়ে ছিল। আরেক ঘরে ঝুলছিল মায়ের লাশ। 

সুমাইয়ার স্বামীর নাম রমজান মুন্সী। ২০২০ সালে তাদের বিয়ে হয়। রমজান কয়েক বছর সিঙ্গাপুরে ছিলেন। দেশে ফেরেন দুই বছর আগে। তিনি অন্য দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

রমজানের বাবা মোতালেব মুন্সি বলেন, ঘটনার সময় তিনি বাড়ির পাশে ঘাস কাটছিলেন। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে তিনি বাড়িতে আসেন। 

অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তিনি বলেন, “সুমাইয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে। আর গলাকাটা অবস্থায় কম্বলে প্যাচানো অবস্থায় শিশুটির লাশ পাওয়া যায়।”

সদরপুর থানার ওসি সুদের রায় বলেন, ওই নারীর স্বামী ফরিদপুরে আছেন। তার সঙ্গে কথা বলা যায়নি। এ মুহূর্তে মৃত্যুর কারণ বলা যাচ্ছে না।