Published : 17 Apr 2026, 08:29 PM
ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ‘গুলিবিদ্ধ’ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।
নিহত রতিকান্ত জয়ধর (৪৬) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বাসিন্দা।
বিজিবি জানায়, ইছামতি নদীর বাংলাদেশ অংশে প্রায় ১০ গজ ভেতরে কচুরিপানার নিচে লাশটি পাওয়া যায়। পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, “মরদেহের সঙ্গে পাওয়া একটি বাংলাদেশি পাসপোর্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। মরদেহের বুকে গুলির চিহ্ন রয়েছে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা করা হয়েছে।”
বৃহস্পতিবার রাত রতিকান্ত জয়ধরের মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়। পরে তার ছোট ভাই রণজিৎ জয়ধর ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন।
পরিবারের বরাতে পুলিশ জানায়, রতিকান্ত জয়ধরের স্ত্রী উজ্জলী জয়ধর (৪০) প্রায় আট বছর আগে চার সন্তান রতন জয়ধর (২২), নয়ন জয়ধর (১৫), রত্না জয়ধর (১৮) ও রিয়া জয়ধরকে (১২) নিয়ে ভারতের কলকাতায় চলে যান। এরপর থেকে রতিকান্ত কয়েকবার কলকাতায় যাতায়াত করেন। মঙ্গলবারও তিনি কলকাতার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন।
সুরতহাল প্রতিবেদন শেষে এসআই আলমগীর হোসেন বলেন, “মরদেহের ঘাড়, পাঁজর ও পিঠে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা গুলির আঘাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।”
তিনি বলেন, “অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যেতে পারেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”