সাড়ে ৩ বছর পর শপথ নিলেন ইউপি চেয়ারম্যান
“এটি আমার জীবনের একটি ঐতিহাসিক দিন,” সাড়ে তিন বছর আইনি লড়াইয়ের পর শপথ নিয়ে বললেন ইউপি চেয়ারম্যান।
নির্বাচনের পর সাড়ে তিন বছরের আইনি লড়াই শেষে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন হাসান আহমদ।
রোববার বিকাল ৪টার দিকে সিলেটের জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ তাকে ইউপি চেয়ারম্যান হিসেবে শপথ পাঠ করান।
উচ্ছ্বসিত হাসান আহমদ বলেন, “আদালতের রায়েও জয়ী হয়ে আজ শপথগ্রহণ করলাম, এটা আমার জীবনের একটি ঐতিহাসিক দিন। ভোটে জনগণ আমাকে বেছে নিয়েছিল, কিন্তু বিগত সরকারের অনুগত নির্বাচন কমিশন কারচুপি করে নৌকার প্রার্থীকে জয়ী ঘোষণা করে।”
‘শেষ পর্যন্ত জনগণের রায়ই প্রতিষ্ঠিত হল’ মন্তব্য করে তিনি বলেন, “জকিগঞ্জ ইউনিয়নবাসী আমার শক্তি ও ভরসা। আমি বিশ্বাস করি, তাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে আগামী দিনে আমি এই ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে পারব।”
২০২২ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় জকিগঞ্জ উপজেলার ৫ নম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফতাব আহমদকে নৌকা প্রতীকে ৩ হাজার ১৩৭ ভোটে জয়ী ঘোষণা করা হয়।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা হাসান আহমদ চশমা প্রতীকে পান ২ হাজার ৯৭৮ ভোট। ব্যবধান ছিল মাত্র ১৫৯ ভোটের।
তবে কারচুপির অভিযোগ এনে ভোট পুনঃগণনার আবেদন করেন হাসান।
পরে তিনি একই বছর নির্বাচনি ট্রাইব্যুনালে মামলাও করেন।
দীর্ঘ আইনী লড়াইয়ের পর পুনঃগণনায় হাসান আহমদ ৭৮ ভোটে এগিয়ে থাকার পক্ষে রায় দেন সিলেটের জ্যেষ্ঠ সহকারী জজ।
গত ১৩ জুলাই বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে গেজেটের অতিরিক্ত সংখ্যায় সংশোধিত ফল প্রকাশ হয়।
রোববার হাসান আহমদের শপথগ্রহণ অনুষ্ঠানে কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আশিক উদ্দিন চৌধুরী, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি ইকবাল আহমদ, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, জকিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছিলেন।
