ভোলায় স্বামী হত্যার দায়ে নারীর প্রাণদণ্ড
দণ্ডপ্রাপ্ত নুরুন্নাহার বেগম ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বাসিন্দা।
ভোলা সদর উপজেলায় স্বামীকে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. এনায়েত উল্লাহ আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাবিবুর রহমান (বাচ্চু) জানান।
দণ্ডপ্রাপ্ত নুরুন্নাহার বেগম ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের বাসিন্দা। তিনি ফরহাদ হোসেন টিটুর দ্বিতীয় স্ত্রী।
মামলার বরাতে আইনজীবী বলেন, ২০২১ সালের ২৩ অক্টোবর রাতে ফরহাদ হোসেন টিটুকে (৪০) তার দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগমের বাড়িতে ডেকে নেওয়া হয়। পরদিন সকালে ওই বাড়ি থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল।
এ ঘটনায় টিটুর প্রথম স্ত্রী মাহমুদা বেগম বাদী হয়ে নুরুন্নাহার বেগমসহ মোট ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তবে মামলার অভিযোগপত্রে শুধু নুরুন্নাহারকে আসামি রাখা হয়।
বিচার চলাকালে নুরুন্নাহার বেগম দীর্ঘদিন কারাগারে ছিলেন। পরে জামিনে কারামুক্ত হন তিনি। মামলার সর্বশেষ শুনানির দিন আদালত তাকে পুনরায় জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
আইনজীবী হাবিবুর রহমান (বাচ্চু) বলেন, বিচারক নুরুন্নাহার বেগমকে মৃত্যুদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পর নুরুন্নাহার বেগমকে পুনরায় কারাগারে পাঠানো হয়েছে।
মামলার আসামিপক্ষে ছিলেন মো. এনামুল হক।
