Published : 23 Nov 2025, 04:42 PM
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোটায় সজ্জিত হয়ে সড়কে আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে টুঙ্গিপাড়া থানার এসআই মনির হোসেন সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি করেন বলে জানান থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।
মামলায় নিষিদ্ধ সংগঠন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সোহানকে প্রধান আসামি করে ছাত্রলীগ ও যুবলীগের মোট ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করা হয়।
ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর টুঙ্গিপাড়ায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার পাঁয়তারা করা হয়।
তিনি আরও বলেন, সেদিন বিকালে উপজেলার শিশু পার্কের পাশের সড়কে দেশীয় অস্ত্রশস্ত্রসহ লাঠিসোটায় সজ্জিত হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় বাধা সৃষ্টি করে।
এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।