টঙ্গীতে ওয়াশিং প্ল্যান্টে আগুন
বন্ধ কারখানায় কী করে আগুন ধরল তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় আবেদীন ওয়াশিং প্ল্যান্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ওই আগুন ধরে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা পলাশ মন্ডল।
তিনি বলেন, “মুহূর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কারখানার আগুন দেখে টঙ্গী ফায়ার সার্ভিসকে ফোন দেয় স্থানীয়রা। পরে টঙ্গীর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।”
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু মো. সাজেদুল কবির জোয়াদ্দার বলেন, “ঘটনার খবর পেয়ে ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যান এবং প্রায় তিন ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।”
জানতে চাইলে ওয়াশিং প্ল্যান্টের মালিক কানিজা রহমান বলেন, “কারখানা বন্ধ ছিল। এ অবস্থায় কেউ আগুন ধরিয়ে দিয়েছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।”
আগুনে দুই কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
