Published : 18 Jun 2026, 09:23 PM
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম।
নিহত রিতা রুদ্র পাল (৩৫) ওই গ্রামের মিটু রুদ্র পালের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে পারিবারিক কলহের এক পর্যায়ে মিটু দা দিয়ে তার স্ত্রী রিতাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর মিটু পালিয়ে যান।
পরকীয়ার সম্পর্ক নিয়ে দাম্পত্য বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
জুড়ী থানার এসআই (নিরস্ত্র) মিয়া নাসির উদ্দীন আহমেদ বলেন, লাশের শরীরে ধারাল অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, নিহতের স্বামীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।