২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশি পর্যটক টানতে টেকনাফে হচ্ছে ট্যুরিজম পার্ক

সৈকতের তীরে ৯৬১ একর জমিতে অত্যাধুনিক এই পার্কটি নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিদেশি পর্যটক টানতে টেকনাফে হচ্ছে ট্যুরিজম পার্ক
কক্সবাজারের টেকনাফে নির্মাণাধীন সাবরাং ট্যুরিজম পার্ক পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2025, 09:41 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং জিরো পয়েন্ট এলাকায় গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক ট্যুরিজম পার্ক। 

দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার ক্ষেত্রে এই ট্যুরিজম পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।

শুক্রবার বিকাল ৪টার দিকে নির্মাণাধীন সাবরাং ট্যুরিজম পার্ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। এর আগে মুখ্য সচিব টেকনাফের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। 

মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন বলেন, কক্সবাজার পর্যটন নগরী হিসেবে পরিচিতি লাভ করেছে। দেশি-বিদেশি পর্যটক টানতে সাবরাং ট্যুরিজম পার্ক গড়ে তোলা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে অনেক মানুষ কর্মসংস্থানের সুযোগ লাভ করবে। পাশাপাশি দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে।

এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যুগ্ম সচিব দয়ানন্দ দেবনাথ, আবু হেনা মো. মুস্তাফা কামাল, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, সাবরাং ট্যুরিজম পার্ক জোনের পরিচালক আবু লাহেল, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন এবং টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন। 

আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তুলতে টেকনাফ সমুদ্র সৈকতের তীরে সাবরাংয়ে ৯৬১ একর জমিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা নিয়ে পার্কের অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এ জমি ভরাট করতে ১৮৭ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্য পরিকল্পিত এই পর্যটন পার্কে ২৩টি বিনিয়োগকারীর অনুকূলে ১১২ দশমিক ২৯ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। 

বিনিয়োগকারীদের প্রস্তাবিত বিনিয়োগ ৪১৩ মিলিয়ন মার্কিন ডলার। এদের মধ্যে নেদারল্যান্ড ও সিঙ্গাপুরের বিনিয়োগকারী প্রতিষ্ঠানও রয়েছে। এখানে প্রায় ১৫ হাজারের বেশি মানুষ কর্মসংস্থানের সুযোগ পাবেন।