আওয়ামী লীগে সক্রিয় থাকার অভিযোগে গাইবান্ধায় মহিলা দলের কমিটি স্থগিত
বাবা ও পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দাবি করে ওই নেত্রী বলেন, আওয়ামী লীগ করার প্রশ্নই উঠে না।
সমালোচনার মুখে জাতীয়তাবাদী মহিলা দলের গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার কমিটি স্থগিত করা হয়েছে।
সভাপতি মোছা. আরজিনা পারভীন চাঁদনীর বিরুদ্ধে ইতোপূর্বে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকার অভিযোগ ওঠার পর ঘোষণার তিন দিনের মাথায় সোমবার কমিটি স্থগিত করা হয়েছে, বলেন মহিলা দলের গাইবান্ধা জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন শোভা।
তিনি বলেন, “দলীয় সিদ্ধান্তে পলাশবাড়ী থানা মহিলা দলের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।”
শুক্রবার মহিলা দল গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে ৫১ সদস্যের পলাশবাড়ী উপজেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়।
এতে সভাপতি হিসেবে আরজিনা পারভীন চাঁদনীর নাম আসার পরপরেই ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে, ৫ অগাস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগে সক্রিয় থেকেও তদবির ও অর্থের বিনিময়ে উপজেলা মহিলা দলের সর্বোচ্চ পদ পেয়েছেন চাঁদনী।
বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকেই প্রতিবাদ জানিয়ে ফেইসবুকে পোস্ট ও কমেন্ট করেন।
কমেন্ট বক্সে কেউ কেউ লিখেন, টাকার বিনিময়ে এই কমিটি দেওয়া হয়েছে। আবার অনেকেই সামাজিক মাধ্যমে কমিটির তালিকাসহ সভাপতি আরজিনা পারভীন চাঁদনী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য প্রার্থী হতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহের ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তোলা ছবি পোস্ট করেন।
শুধু চাঁদনী নন, ওই কমিটির সাংগঠনিক সম্পাদক মোছা. নাছিমা বেগমকে নিয়েও প্রশ্ন তুলেন স্থানীয় নেতারা। তাদের দাবি, উপজেলার ৪ নম্বর বরিশাল ইউনিয়ন তাঁতীলীগের সভানেত্রী ছিলেন নাছিমা।
পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, “পলাশবাড়ী উপজেলা মহিলা দলের কমিটিতে সভাপতি ও সাংগঠনিক সম্পাদক পদে যাদের রাখা হয়েছে তারা ৫ অগাস্টের পূর্বে বিএনপির বিরুদ্ধে কাজ করেছেন। এই দুই নেত্রী আগে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় থাকলেও অর্থের বিনিময়ে মহিলা দলের কমিটিতে পদ পেয়েছেন।”
উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু প্রশ্ন তোলে বলেন, “জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের প্রার্থী হতে যিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেন; তিনি কীভাবে মহিলা দলের সভাপতি হন।”
তার বাবা ও পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দাবি করে আরজিনা পারভীন চাঁদনী বলেন, “আওয়ামী লীগ করার প্রশ্নই উঠে না। এমন ছবি তো বিএনপি নেতাদের সঙ্গেও রয়েছে।”
তবে চেষ্টা করেও স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোছা. নাছিমা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।
