ময়মনসিংহে বাস চাপায় একই পরিবারের ৪ জনের মৃত্যু
হতাহতরা ময়মনসিংহ নগরীর নাটক ঘরলেন এলাকায় ভাড়া থাকতেন। তারা ঈদ করার জন্য অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
ঈদ করার জন্য অটোরিকশা করে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের গৌরীপুরে বাস চাপায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।
রোববার ভোর ৬টার দিকে উপজেলার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চন্দ্রপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরীপুর থানার ওসি মির্জা মাজহারুল আনোয়ার।
নিহতরা হলেন, গৌরীপুরের দুর্বারচরের মোসাম্মৎ কুলসুমা বেগম (৯৫), তার মেয়ে মোসাম্মৎ দিলরুবা (৪০) এবং দিলরুবার মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)।
এ ঘটনায় আহত হয়েছেন দিলরুবার মেয়ে মাহি (১৬) ও ভাতিজী শ্যামলী (২০)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি আনোয়ার বলেন, হতাহতরা ময়মনসিংহ নগরীর নাটক ঘরলেন এলাকায় ভাড়া থাকতেন। তারা ঈদ করার জন্য অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন।
“ভোরে মহাসড়কের চন্দ্রপাড়া এলাকায় গৌরীপুরগামী একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরও তিনজন।”
আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
ওসি মির্জা মাজহারুল আনোয়ার বলেন, এ ঘটনায় বাস চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
