২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে রেললাইনে নারীর খণ্ডিত লাশ, পুলিশের ধারণা ধর্ষণের পর হত্যা

হত্যার পর দুর্ঘটনা সাজাতে মৃতদেহ রেললাইনে ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 07:30 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

মঙ্গলবার দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলঘুন্টি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান আটোয়ারী থানার ওসি রফিকুল ইসলাম সরকার।

আনুমানিক ২৭ বছর বয়সি ওই নারীর লাশের পাশে জমি থেকে ছোট একটি ছুরি ও পায়জামা উদ্ধার করেছে পুলিশ।

ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে দুর্ঘটনা সাজাতে মৃতদেহ রেললাইনে ফেলে রাখা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

ঘটনার রহস্য উদ্‌ঘাটনে রেলওয়ে পুলিশ, ডিএসবি, এনএসআই, পিআইবি ও সিআইডিসহ গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছেন।

ওসি রফিকুল ইসলাম বলেন, রেললাইনে ওই নারীর শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। রাতে স্থানীয়রা ওই এলাকায় এক নারীকে ঘোরাফেরা করতে দেখেছেন। তবে মুখ ও শরীর ক্ষতবিক্ষত থাকায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।

যেহেতু লাশটি রেললাইনের ওপর পাওয়া গেছে, সেহেতু তার যাবতীয় কার্যক্রম রেলওয়ে কর্তৃপক্ষ করবে বলে জানান তিনি।

পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা (দেবীগঞ্জ সার্কেল) বলেন, রেললাইনের মাঝখানে মৃতদেহটি পাওয়া গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে লাইন থেকে লাশটি সরিয়ে পাশে রাখা হয়েছে। 

“ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে একটি জমিতে রক্ত পড়ে থাকতে দেখা গেছে। সেখানে পায়জামা ও একটি ছোট ছুরি পাওয়া গেছে। ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে লাশ রেললাইনে ফেলে রাখা হয় বলে ধারণা করছি।”

দিনাজপুর রেলওয়ে থানার ওসি মো. আব্দুল মান্নান বলেন, দুপুরে অজ্ঞাত ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।