জয়পুরহাটে আইনজীবীর বিরুদ্ধে মামলা, অস্থির আদালত পাড়া
এদিকে, আইনজীবী ছাড়াই বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ।
জয়পুরহাটে আদালতের এক কর্মচারীকে মারধরের অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিবাদে আইনজীবীরা আদালত বর্জন করায় অস্থিরতা বিরাজ করছে আদালত পাড়ায়।
ঘটনাটি দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসাইনের অফিস কক্ষে ঘটলেও আইনজীবীরা বর্জন করেছেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালত।
এদিকে, ২৪ জনু থেকে বাদী-বিবাদী পক্ষের আইনজীবী ছাড়াই বিচারকার্য চালাচ্ছেন ওই আদালতের বিচারক মো. নূর ইসলাম।
মামলার নথির বরাত দিয়ে জয়পুরহাট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, “গত ৩ জুন দুপুরে দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসাইন আদালতের অফিস কক্ষে দাপ্তরিক কাজ করছিলেন। প্রথমে গোলাম মোর্শেদ আল-কোরেশী ওরফে সাক্কু চৌধুরীর সহকারী পিয়ম পরে আইনজীবী নিজেই এসে নাঈমের কাছে একটি মামলার যাবতীয় কাগজপত্রের ফটোকপি চান।
“জাবেদা নকল’ ছাড়া কোনো প্রকার ফটোকপি দেওয়া যাবে না জানালে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা বেঞ্চ সহকারী নাঈমকে মারধর করেন।”
এ নিয়ে ওইদিন নাঈম আইজীবী সাক্কু চৌধুরী ও তার সহকারীর বিরুদ্ধে জয়পুরহাট জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলা দায়ের করলে আদালতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বলেও জানান, আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোফাজ্জল হোসেন।
নাঈম বলেন, “জাবেদা নকল ছাড়া কোনো প্রকার ফটোকপি কাউকে সরবরাহ না করতে উচ্চ আদালতসহ আমার ঊর্ধ্বতনদের নিষেধাজ্ঞা রয়েছে জানালে ওই দুজন আমাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি দেন। আমি দোষীদের শাস্তিসহ আমার নিরাপত্তা চাই।”
এ মামলার সাক্ষী ও একই আদালতের অফিস সহায়ক তৌহিদুল ইসলাম, মোত্তালেবুর রহমানসহ নাঈমের সহকর্মীরা বলেন, চিৎকার শুনে তারা এগিয়ে এসে নাঈমকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে দেন।
তারা বলেন, জেলার অধিকাংশ আইনজীবীর আচরণ সন্তোষজনক হলেও মাত্র কয়েকজন আইনজীবী ও তাদের সহকারীদের অনাকাঙ্ক্ষিত আচরণে আদালতের শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে। আদালতের শৃঙ্খলা রক্ষার স্বার্থে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তারা।
তবে আইনজীবী সাক্কু চৌধুরী পাল্টা অভিযোগে বলেন, “প্রকৃতপক্ষে একটি জামিননামা দাখিলের জন্য সেখানে গেলে নাঈমের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষে ধাক্কাধাক্কি হয় মাত্র। মারপিটের কোনো ঘটনা ঘটেনি।
“তারপরও আমার বিরুদ্ধে করা ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে আমি উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছি। এ ছাড়া আইনজীবী সমিতিতে প্রতিকার চেয়ে আবেদন করেছি।”
সমিতির সাধারণ সম্পাদক আইনজীবী শাহানূর রহমান শাহিন বলেন, “সাক্কু চৌধুরী বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ নাঈমকে তার বর্তমান অবস্থান থেকে প্রত্যাহার করার আবেদন জানিয়ে জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করা হলেও তা গ্রাহ্য করা হয়নি।”
এ কারণে আদালতটি বর্জনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত ২৪ জুন থেকে ওই আদালতে কোনো আইনজীবী যাচ্ছেন না বলেও জানান তিনি।
এদিকে, জেলা ও দায়রা জজ আদালতে গিয়ে দেখা যায়, আইনজীবী ছাড়াই বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন ওই আদালতের বিচারক মো. নূর ইসলাম।
আইনজীবী ও মুহুরির ফিস না দিয়েই বিচারিক সুবিধা পাওয়ায় বেশ খুশি বিচার প্রার্থীরা।
মাদক মামলার এক আদিবাসী বিচারপ্রার্থীর ভাষ্য, “তারিকের পর তারিক আদালতে গুরতে গুরতে ছেছ হয়া গেছি বাবু। পুরতি তারিকে উকিল বাবু ৫’ছ, তার মুহুরী ২’ছ, হামার যাতায়াত ৮০ টেকা, হামি গরীব মানুছ আছি। কারণেও টেকা লেয়, অকারণেও টেকা লেয়। আজ বড় ছান্তি পানু, উকিল-মুরুরীক টেকা দেওয়া লাগেনি, জজ ছাহেব মোর কাছে ডাইরেক ছুনল, তারপর মোর ছঠিক বিচারই করিল বাবু।”
বিচারপ্রার্থী এক নারী ও এক যুবক জানান, তারা বছরের পর বছর ধরে আদালতে বিচারের আশায় আসছেন, আজকের দিনটা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। কারণ, উকিল-মুহুরীর ফিস ছাড়াই বিচারক সরাসরি বিচার প্রার্থীদের কথা শুনছেন। ন্যায়সঙ্গতভাবে কয়েকজনকে জামিনও দিয়েছেন।
এ ব্যাপারে মানিক হোসেন নামে এক আইনজীবী বলেন, “আইনজীবী ছাড়া বাদী-বিবাদীর কথা শুনে এককভাবে বিচারকের পক্ষে বিচারকার্য পরিচালনা করা বেশ কঠিন। বিচার প্রার্থীদের সহায়তার জন্য আইনগত ভাবেই আইনজীবীদের উপস্থিতি অত্যন্ত জরুরি।”
এ সমস্যার সম্মানজনক সমাধানের জন্য আদালতের কাছে দাবি জানান তিনি।
আদালতের প্রশাসনিক কর্মকর্তা মোফাজ্জল হোসেন বলেন, “ঘটনাটি দ্বিতীয় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসাইন এবং অ্যাডভোকেট সাক্কু ও তার মহোরারকে কেন্দ্র করে। কিন্তু আইনজীবীদের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ আদালত বর্জন করা যুক্তি সংগত নয়।”
রাষ্ট্রপক্ষের ভারপ্রাপ্ত আইনজীবী বদরুল ইসলাম হুদা বলেন, “উল্লিখিত কারণে রাষ্ট্রপক্ষ বিব্রতবোধ করছে।”
এ অবস্থার অবসানে সব পক্ষকে ছাড় দিয়ে হলেও আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
