২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে সন্তানসহ স্ত্রীকে হত্যার পর পুঁতে রাখেন স্বামী, ধারণা পুলিশের

আমেনা বেগমের স্বামী আলী হোসেনও পলাতক।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2024, 12:29 AM

Updated : 10 Sep 2026, 12:06 PM

ময়মনসিংহের ত্রিশালের ধানক্ষেত থেকে উদ্ধার করা তিন মরদেহ মা ও তার দুই সন্তানের বলে নিশ্চিত হয়েছে পুলিশ। একইসঙ্গে ওই নারীর স্বামীই তিনজনকে হত্যার পর লাশ পুতে রেখেছেন বলে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রাম থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছিল। 

তাৎক্ষণিক পরিচয় না মিললেও রাতে নিহতদের পরিচয় নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন ত্রিশাল থানার ওসি কামাল হোসেন। 

নিহতরা হলেন- আমেনা বেগম (৩০), তার দুই ছেলে আবু বক্কর (৪) ও আনাস (২)। 

আমেনা বেগম সাখুয়া ইউনিয়নের বাবুপুর গ্রামের আবদুল খালেকের মেয়ে। ছয় বছর আগে কাকচর নয়াপাড়া গ্রামের আবদুল হামিদের ছেলে আলী হোসেনের সঙ্গে তার বিয়ে হয়েছিল। 

নিহতের স্বজনদের বরাতে ওসি বলেন, আমেনা বেগম একটি বাড়িতে কাজ করতেন। বৃহস্পতিবার গার্মেন্টের চাকরিতে যাওয়ার কথা বলে সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তাদের। 

আমেনা বেগমের স্বামী আলী হোসেনও পলাতক।  

“তবে পুলিশের ধারণা, এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা না দেওয়ায় স্ত্রীকে গার্মেন্টে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করে আনেন আলী হোসেন। পরে স্ত্রী ও সন্তানদের হত্যার পর লাশ নির্জন ধানক্ষেতে পুঁতে রাখেন তিনি।”

তবে তাকে গ্রেপ্তারের পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি। 

পুরানো খবর

শিয়াল টেনে বের করল শিশুর লাশ, পরে মিলল আরও দুই মরদেহ