পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ ঘিরে জলাবদ্ধতা, সমাধানের আশ্বাস
ভাঙ্গুড়া পৌরসভার মেয়র বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। সমস্যার স্থায়ী সমাধানের জন্য দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করা হবে।”
পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ফলে উপজেলা পরিষদ চত্বর ঘিরে বাড়ছে ডেঙ্গু মশার বিস্তার।
দীর্ঘ দিনের এ সমস্যার স্থায়ী সমাধানে আশ্বাস দিয়েছেন পৌর মেয়র ও ইউএনও।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলা পরিষদের মোট ছয়টি প্রশাসনিক ভবন রয়েছে। এর মধ্যে মৎস্য কর্মকর্তার কার্যালয় ভবনের পেছনে ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় ভবনের সামনের ফাঁকা ১-২ ফুট জায়গায় বৃষ্টির পানি জমে আছে মাসের পর মাস। সেখানেই ফেলা হচ্ছে পলিথিন ও প্লাস্টিকের খালি প্যাকেট। পাশেই উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনের কিছু অংশ জলাবদ্ধ, কিছু অংশ স্যাঁতসেঁতে। এ ভবনের পূর্ব পাশে উপজেলা নির্বাচন অফিসে যাওয়ার বেহাল রাস্তা। রাস্তার দুই পাশে জমে আছে কাদা-পানি। দীর্ঘদিন ধরে এমন দৃশ্যই চোখে পড়ছে ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তপন কুমার সূত্রধর বলেন, “কার্যালয়ের সামনে জমে থাকা পানি নিষ্কাশন না হওয়া ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ডেঙ্গু আতঙ্ক নিয়েই অফিস করছি। দ্রুত ড্রেনেজ ব্যবস্থা হলে এ আতঙ্ক থেকে বাঁচি।”
প্রকাশ্যে কথা বলতে না চাইলেও বিষয়টির জন্য ক্ষোভ প্রকাশ করেন অনেকে।
ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। আগামীকালের মধ্যেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করব। আর সমস্যার স্থায়ী সমাধানের জন্য খুব দ্রুত ড্রেনেজ ব্যবস্থা করা হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নাহিদ হাসান খান বলেন, “স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা তৈরি না হওয়ায় একটু বৃষ্টি হলেই উপজেলা পরিষদ চত্বরের কিছু জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য, মেয়র ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে জলাবদ্ধতা জনিত সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।”
