২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভবঘুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণে দুই জনের যাবজ্জীবন

একই মামলায় হত্যার অভিযোগের বিচারে এর আগে এ দুই আসামির মধ্যে একজনের ফাঁসি ও অপরজনকে যাবজ্জীবন সাজা হয়েছিল।

ভবঘুরে তরুণীকে দলবদ্ধ ধর্ষণে দুই জনের যাবজ্জীবন

রায়ের পর আদালত প্রাঙ্গণে দুই আসামি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2022, 10:18 PM

Updated : 24 Aug 2022, 10:18 PM

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এগারো বছর আগে ভবঘুরে এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অপরাধে দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।

বুধবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) রকিবউদ্দিন আহমেদ।

সাজাপ্রাপ্তরা হলেন- আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ান্দি গ্রামের মৃত সামছুল হকের ছেলে বাবুল হোসেন (৪২) ও আবুল হাশেমের ছেলে আবুল কাশেম (৫২)।

পিপি রকিবউদ্দিন আহমেদ বলেন, ২০১১ সালের এই মামলায় রায় ঘোষণাকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ৫ মার্চ আড়াইহাজারের উচিৎপুরা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের পুরাতন কবরস্থান এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় ২৫ বছর বয়সী অজ্ঞাত এক তরুণী ও চার বছর বয়সী শিশুর মরদেহ পাওয়া যায়। পুলিশ মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে একটি হত্যা মামলা দায়ের করে।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়নাতদন্তে ওই তরুণীকে দলবদ্ধ ধর্ষণের পর খুনের বিষয়টি উঠে আসে। তদন্ত শেষে ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি পুলিশ জোড়া খুন ও সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে পৃথক দুইটি অভিযোগপত্র আদালতে দেয়। তবে ওই তরুণীর নাম বা পরিচয় মেলেনি।”

অভিযোগপত্রে বলা হয়, ওই তরুণী ভবঘুরে ছিলেন। তিনি চার বছরের সন্তানকে নিয়ে ভিক্ষা করতেন। আসামিরা তাকে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এ নিয়ে ওই তরুণী চেঁচামেচি করলে তাকে হত্যা করেন আসামিরা। এই ঘটনা শিশু সন্তান দেখে ফেলায় তাকেও হত্যা করেন তারা।

পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, জোড়া খুনে অভিযুক্ত এ দুই আসামির মধ্যে একজনের ফাঁসি ও অপরজনকে যাবজ্জীবন সাজা হয়। এবার ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হলো।

রায় ঘোষণার পর আসামিদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ পরিদর্শক।