২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে ফি আত্মসাৎ, অনিশ্চয়তায় ৫৭ শিক্ষার্থী

এ ঘটনায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদ করে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 11:36 PM

Updated : 25 Jan 2024, 11:59 PM

নরসিংদীতে একটি মাদ্রাসায় দাখিলের ফরম ফিলাপ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের ফি ‘আত্মসাতের’ ঘটনায় ৫৭ শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।

জেলার আলোকবালী ইউনিয়নের চরমাধবপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর কবির হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০২২-২৩ বর্ষের ২২ শিক্ষার্থীর ফরম ফিলাপ এবং ২০২৩-২৪ বর্ষের ৩৫ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ফি বোর্ডে জমা না দিয়ে আত্মসাত করেছেন।

এতে চলতি ও আগামী বছর অনুষ্ঠিতব্য দাখিলের ৫৭ পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, কবির আহমেদ ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিষ্ঠানটির বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে প্রতিবাদ করেছে ভুক্তভোগী শিক্ষার্থীরা।

ওই প্রতিষ্ঠান থেকে এবারের দাখিল পরীক্ষার্থী রাহিম সিকদার বলেন, “গত ৩০ নভেম্বর ছিল ফি জমাদানের শেষ তারিখ। গত সোমবার জানতে পেরেছি, বোর্ডে আমাদের রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া হয়নি। অন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রবেশপত্র দেওয়া হলেও আমাদের প্রবেশপত্র দেওয়া হয়নি।

আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।

প্রতিষ্ঠানের গাফিলতির কারণে আমাদের শিক্ষাজীবন নষ্ট হতে চলেছে। গত মঙ্গলবার থেকে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে প্রতিবাদ করছি। প্রবেশপত্র না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”

এ ছাড়া কবির হোসেনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৃহস্পতিবার উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান প্রতিষ্ঠানটির সভাপতি এবং প্রধান শিক্ষক।

মাদ্রাসা কর্তৃপক্ষের দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, কবির হোসেন ওই শিক্ষার্থীদের ফরম ফিলাপ এবং রেজিস্ট্রেশন ফি বোর্ডে জমা না দিয়ে আত্মসাত করেন।

বৃহস্পতিবার পর্যন্ত তাদের ফরম ফিলাপ সম্পূর্ণ হয়নি।  

অভিযোগে আরও বলা হয়, তিন সদস্যের কমিটির তদন্তে প্রমাণিত হয়েছে, ভুয়া কাগজ দেখিয়ে ১ লাখ ২১ হাজার টাকা মাদ্রাসার ফান্ড থেকে আত্মসাত করেছেন অফিস সহকারী কবির হোসেন।

এছাড়াও ষষ্ঠ থেকে দশম শ্রেণি শিক্ষার্থীদের গত বার্ষিক পরীক্ষার ফি ও বেতন আত্মসাত করেছেন তিনি। মাদ্রাসার বিভিন্ন কাজে অনিয়মসহ কবির হোসেন ২৪টি অপরাধের সঙ্গে জড়িত থাকার প্রমাণ পায় তদন্ত কমিটি। 

মাদ্রাসাটির সুপারিন্টেনডেন্ট বেনজির আহমদ বলেন, “আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ডে গত মঙ্গলবার থেকে নিজের পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার জন্য যোগাযোগ করেছি। কিন্তু বৃহস্স্পতিবার পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারিনি। এখনও অনিশ্চিত শিক্ষার্থীরা পরীক্ষায় বসতে পারবে কিনা। তবে, আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে।”

তিনি আরও বলেন, “অভিযোগের বিষয়ে তদন্ত ও সভা আহ্বান করে মাদ্রাসার শিক্ষকদের সুপারিশ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বৃহস্পতিবার জমা দিয়েছি। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা আশাবাদী, এ সমস্যার সমাধান হবে।”

চর মাধবপুর মদিনাতুল উলুম আলিম মাদ্রসাটির পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, “অফিস সহকারী কবির হোসেন স্থানীয় হওয়ায় সবার সঙ্গে প্রভাব খাটান। নামে-বেনামে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অযৌক্তিক ফি আদায় করে। নানা অনিয়মের সঙ্গে জড়িত সে।

তার বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগও রয়েছে। একাধিকবার তার বেতন বন্ধ করেছি, কিন্তু সে নিজেকে শোধরাচ্ছে না। আমরা প্রশাসনকে লিখিত আকারে জানিয়েছি, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।”

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। এর আগে মৌখিক অভিযোগে প্রাথমিক তদন্তে কবির আহমেদের বিরুদ্ধে নানা অনিয়মের সত্যতা পেয়েছি। তার বিষয়ে প্রয়োজনী পদক্ষেপ নিব। যাদের পরীক্ষায় বসা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে, তাদেরকে পরীক্ষায় বসার সুযোগ তৈরি করতে আমরা কাজ করছি।”

তবে কবির হোসেন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “ওইসব শিক্ষার্থীর ফরম ফিলাপে আমাদের প্রক্রিয়া চলছে। আমরা আশাবাদী, ১ ফেব্রুয়ারির মধ্যে প্রবেশপত্র শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে পারব। বৃহস্পতিবার বিকালে ফি বোর্ডে জমা দিয়েছি।

“আর অন্য সব অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক।”