পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা: আরও ২ লাশ উদ্ধার, নিখোঁজ ১
চরভদ্রাসনের ইউএনও জানান, আরও একজন নিখোঁজ রয়েছেন; তার উদ্ধারে অভিযান চলমান রয়েছে।
পদ্মা নদীতে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
বুধবার বিকাল ৩টার দিকে দুর্ঘটনাস্থলের অদূরে এ দুই লাশ পাওয়া যায় বলে ফরিদপুরের চরভদ্রাসনের ইউএনও তানজিলা কবির ত্রপা জানান।
এরা হলেন ফরিদপুর সদরের কাফুরা গ্রামের জয় গোপাল গোস্বামীর ছেলে বলরাম গোস্বামী ও সদরপুর উপজেলার শমসের মাতুব্বরের ডাঙ্গে গ্রামের সুরমান শেখের ছেলে খোকন শেখ।
এই নিয়ে এই ঘটনায় মোট পাঁচ ব্যক্তির লাশ উদ্ধার করা হলো। নিখোঁজ রয়েছেন আরও একজন।
গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে দুটি স্পিড বোট মুখোমুখি সংঘর্ষের পর ডুবে যায়।
এ দুই বোটের অন্যরা সাঁতরে কূলে উঠলেও ওইদিন একজনের লাশ পাওয়া যায় এবং পাঁচজন নিখোঁজ থাকেন। এরপর মঙ্গলবার দুজনের লাশ উদ্ধার করা হয়।
চরভদ্রাসনের ইউএনও তানজিলা কবির ত্রপা জানান, উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফরিদপুর ও ঢাকার ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল লাশ উদ্ধার কাজে অংশ নেয়।
তিনি জানান, দুর্ঘটনার দিন একজন, মঙ্গলবার ও বুধবার দুইজন করে মোট পাঁচ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও একজন। তার খোঁজে উদ্ধার অভিযান চলমান রয়েছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্পিডবোট চালকদের আটকের চেষ্টা চলছে জানিয়ে ইউএনও বলেন, নিহতদের স্বজনদের তাৎক্ষণিকভাবে আর্থিক সহায়তা করা হয়েছে।
এর আগে মৃত উদ্ধার করা তিনজন হলেন ফরিদপুর শহরের গুহ লক্ষ্মীপুর গ্রামের সিরিস হালদারের ছেলে সুকুমার হালদার (৬০), ফরিদপুরের কানাইপুর গ্রামের কাশেম মৃধার ছেলে দাউদ মৃধা (৪০) ও চরভদ্রাসনের চর তেলিডাঙ্গী গ্রামের কুদ্দুস খন্দকারের ছেলে রানা খন্দকার (৪০)।
