খেজুর গাছের সঙ্গে হারিয়ে যাচ্ছে ‘গাছি’রাও
যশোরে প্রায় ১৬ লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে তিন লাখ গাছে রস উৎপাদন হয়।
যশোরে যেমন কমছে খেজুর গাছ, তেমনি হারিয়ে যাচ্ছে গাছ থেকে রস সংগ্রহকারী ‘গাছি’ সম্প্রদায়ও। এসব সঙ্কটে দুষ্প্রাপ্য হয়ে পড়েছে খেজুরের রস। আর বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে এ রসের স্বাদ, গুড় পাটালি বা রসে ভিজানো পিঠা-পায়েস খাওয়ার আনন্দ।
এক সময় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে খেজুর গাছ কেটে রস সংগ্রহ করতেন গাছিরা। জেলা-উপজেলার প্রতিটি গ্রামে অসংখ্য খেজুর গাছ ছিল। তখন প্রতিটি গ্রামে গড়ে ৮ থেকে ১০ জন পেশাদার গাছি পাওয়া যেত।
এখন আর সেদিন নেই। গাছিদের পেশা বদল, নতুন করে এ পেশায় কেউ না আসার কারণে প্রতি গ্রাম তো দূরে থাক কয়েক গ্রাম খুঁজলেও একজন পেশাদার গাছির সন্ধান মিলবে না।
সরেজমিনে শার্শা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, খেজুর গাছের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে গেছে। আগে খেজুর গাছের যেসব বাগান ছিল এখন আর তা অবশিষ্ট নেই। নতুন করে এখন আর কেউ বাগান করছে না।
মাঠে কিম্বা রাস্তার ধারে অল্প-বিস্তর যেসব গাছ আছে তারও বেশিরভাগ পড়ে আছে। অল্প কিছু সংখ্যক খেজুর গাছ কাটা হয়েছে। অনেকে বলছেন, আগে শীত এলে গ্রামে গ্রামে খেজুরের রসে ভিজানো ‘রসের পিঠা’ খাওয়ার যে ধুম পড়ত তা এখন খুব একটা চোখে পড়ে না।
উপজেলার পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল গফ্ফার সরদার বলেন, “৯০ এর দশকের শুরু থেকে যশোরে খেজুর গাছ বিলুপ্ত হওয়া শুরু হয়। খেজুর গাছ জ্বালানি হিসেবে চলে যাচ্ছে বিভিন্ন ইট ভাটায়। অন্যদিকে খেজুর গাছ কমে যাওয়ায় এই গাছ তোলার (কাটার) কাজে নিয়োজিত গাছিরা চলে যাচ্ছেন অন্য পেশায়।
“যেসব গাছ অবশিষ্ট আছে সেগুলো এখন গাছির অভাবে পড়ে রয়েছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই গ্রাম বাংলা থেকে হারিয়ে যাবে খেজুরের রস। দূষ্প্রাপ্য হয়ে যাবে গুড় পাটালি।”
জামতলা গ্রামের গাছি আব্দুস সাত্তার (৬৫) বলেন, “আগে শীতকালে শত শত গাছ কাটিছি। অনেক রস পাতাম। রস বাজারে বিক্রি করতাম। জ্বালিয়ে গুড় বানাতাম। গুড় পাটালি বাজারে বিক্রি করতাম। শীত আসলিই বেশ টাকা আয় করতাম। পরিবার পরিজন নিয়ে ভালোই দিন কাটত।
“কিন্তু এখন এলাকায় তেমন একটা খেজুর গাছ নেই। যা আছে তা মালিকরা নিজেদের জন্য কাটাচ্ছে। তাই কাজ না পেয়ে গাছিরাও অন্য পেশায় চলি যাচ্ছে।”
প্রায় ৪০ বছর খেজুর গাছ কেটে রস বের করছেন সামটা গ্রামের গাছি উজির আলি (৭২)। প্রবীণ এই গাছি বলেন, " খেজুর গাছ কেটে এখন আর পেট চলে না। বয়স হয়েছে, তাই গাছির পেশা ছেড়ে দিয়েছি।"
মাখলার মাঠে কথা হয় বেনেখড়ি গ্রামের আবু জাফরের ছেলে আবু হানিফের (৪০) সঙ্গে। তার বাবা একজন পেশাদার গাছি ছিলেন। বাবার কাছ থেকে খেজুরগাছ তোলা শিখেছেন হানিফ।
তিনি বলেন, “খেজুরগাছ তোলা কঠিন ও কষ্টের কাজ। সাত-আট বছর ধরে কাজটি আমি করছি। তবে বাবার মতো আর পেশাদার হিসেবে নয়। শৌখিন গাছি হিসেবে অল্প কিছু গাছ কেটে রস বের করছি।”
উপজেলার বড়বাড়িয়া গ্রামের শাহাজান কবির বলেন, “পাঁচ বছর আগেও আমাদের প্রায় ৫০-৬০টি খেজুর গাছ ছিল। তখন অনেক রস পেতাম। বাড়িতে গুড় বানাতাম। কিন্তু গাছির অভাবে আমরা আর রস উৎপাদনে যেতে পারিনি। এখন কিনেই খাওয়া লাগে। গাছগুলোও বিক্রি করে দিয়েছি।”
যশোরের শার্শা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রতাপ মণ্ডল বলেন, উপজেলায় মোট খেজুর গাছের সংখ্যা ৫২ হাজার ২৮০টি। এরমধ্যে মোট ফলন্ত (রস দেওয়া) গাছের সংখ্যা ৪৬ হাজার ৫২০টি।
তিনি বলেন, “খেজুর গাছ কেটে রস বের করা একটা শিল্প। কিন্তু সেই শৈল্পিক পেশাদার গাছি এখন তো চোখেই পড়ে না। গাছির অভাবে প্রায় ২০ থেকে ৩০ ভাগ গাছ থেকে রস সংগ্রহ করা হয় না। আর টাকার লোভ দেখিয়ে এই অনাবাদি খেজুর গাছগুলো অবৈধ ইটভাটার মালিকরা কেটে নিয়ে যান।
“নতুন করে গাছ রোপণ কম, অনাবাদি পড়ে থাকা, অনাগ্রহ, ভেজাল গুড় তৈরিসহ নানা কারণে যেমন খেজুর গাছ হ্রাস পাচ্ছে। তেমনি খেজুর গাছ কমে যাওয়া, রস ও গুড়ের ঐতিহ্য হারানোর কারণে গাছিও কমে যাচ্ছে।"
এর মধ্যেও উপজেলায় ৪৬০ জন গাছি এখনো টিকে আছেন বলে জানান এই কৃষি কর্মকর্তা।
যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস বলেন, “জেলায় প্রায় ১৬ লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে প্রায় সাড়ে তিন লাখ গাছে রস উৎপাদন হয়। এসব খেজুর গাছ থেকে বছরে পাঁচ কোটি লিটারের বেশি রস উৎপাদিত হয়।
“এই রসে বছরে গুড় উৎপাদিত হয় প্রায় ৫২ লাখ কেজি। যার মূল্য শত কোটি টাকার বেশি। বর্তমানে জেলার ১৩ হাজার ১৭৩ জন গাছি রয়েছেন।”
