বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পুকুর থেকে মেয়েটির লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় পুকুরে ডুবে এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বাকাল গ্রামে এ ঘটনা ঘটে বলে আগৈলঝাড়া থানার এসআই আলী হোসেন জানান।
এক বছর বয়সী মৃত স্নিগ্ধা দাস ওই গ্রামের বিপুল দাসের মেয়ে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, স্নিগ্ধাকে নিয়ে তার মা ঘুমিয়ে ছিলো। এক সময় স্নিগ্ধা ঘুম থেকে উঠে হামাগুড়ি দিয়ে ঘরের পাশের পুকুরে ডুবে যায়। পরে মেয়েকে না পেয়ে বিভিন্ন স্থানে খুঁজতে শুরু করে বাবা-মা।
“এক পর্যায়ে পুকুরে স্নিগ্ধার লাশ ভাসতে দেখে তা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অর্ণব সাহা জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
