২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে স্কুলছাত্রীকে ‘ধর্ষণচেষ্টা’, শিক্ষকের বিরুদ্ধে মামলা

তিন দিন পর স্কুলছাত্রীর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে বাবা-মার চাপাচাপিতে সে ঘটনাটি তাদের খুলে বলে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 07:44 PM

Updated : 09 Oct 2022, 07:44 PM

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।

ওই ছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার রাতে মামলাটি করেন বলে কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) আবুল বাসার জানান।

মধ্যবয়সী ওই শিক্ষক উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক।  

মামলার নথির বরাত দিয়ে পরিদর্শক আবুল বাসার জানান, গত ২৬ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছিল। এ সময় ওই শিক্ষকের বাড়ির সামনে পৌঁছলে তিনি কৌশলে ওই ছাত্রীকে তার বাড়িতে ডেকে নিয়ে যান।

ফাঁকা বাড়িতে ঘরের ভেতরে নিয়ে শিক্ষক ভয়ভীতি দেখিয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার শুরু করে।

তখন বিষয়টি কাউকে জানালে ছাত্রীকে বা তার পরিবারের সদস্যদের খুন-জখমের হুমকি দিয়ে ছেড়ে দেন ওই শিক্ষক।

পুলিশ জানায়, ঘটনার তিন দিন পর ওই স্কুলছাত্রীর শারীরিক ও মানসিক অবস্থার অবনতি হলে বাবা-মার চাপাচাপিতে সে ঘটনাটি তাদের খুলে বলে।

পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি এলাকার গণ্যমান্যদের জানালে তারা দফায় দফায় সালিশের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করেন। পরে মামলার পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির একটি অংশ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ওই শিক্ষকের বিচারের দাবি জানানো হয়।

আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পরিদর্শক আবুল বাসার জানান।