২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত মায়ের নামে আসা অবসরভাতা কোষাগারে দিলেন সন্তানেরা

২০২২ সালের মার্চ থেকে প্রতিমাসের টাকা, বৈশাখি ভাতা, দুই ইদের বোনাস মিলিয়ে ৭৬ হাজার ৭০০ টাকা সুফিার ব্যাংক হিসাবে জমা হয়েছিল।

মাহিদুল ইসলাম মাহি

মানিকগঞ্জ প্রতিনিধি

Published : 27 Feb 2023, 11:10 PM

Updated : 27 Feb 2023, 11:10 PM

মানিকগঞ্জের হরিরামপুরের বসরপ্রাপ্ত এক নারীর মারা যাওয়ার পরও পেনশনের টাকা পেয়ে সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন তার ছেলে-মেয়েরা। 

সোমবার হরিরামপুর সোনালী ব্যাংক শাখায় তারা এই টাকা জমা দেন। 

সুফিয়া বেগমের বড় ছেলে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ডেপুটি ম্যানেজার মুনশী সোহাগ সরকারি কোষাগারে ৭৬ হাজার ৭০০ টাকা জমা দেন। 

সুফিার পরিবারের সদস্যরা জানান, উপজেলার চালা ইউনিয়নের বলর্দি গ্রামের আব্দুল মজিদ মুনশী ছিলেন খলিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ২০০৮ সালে মারা গেলে তার স্ত্রী সুফিয়া বেগম পেনশনের টাকা পেতেন। 

এক বছর আগে সুফিয়া বেগমও মারা যান। সবশেষ সাত মাসের পেনশন এবং বৈশাখি ও ঈদ ভাতার ৭৬ হাজার ৭০০ টাকা ব্যাংক হিসাবে চলে আসে। 

সুফিয়ার বড় ছেলে মুনশী সোহাগ বলেন, “আব্বা মারা যাওয়ার পর পেনশনের সব টাকা তুলে ফেলতে চেয়েছিলাম। আব্বার বেশ কয়েকজন কলিগ নিষেধ করলেন এটা করতে। শেষ পর্যন্ত পেনশন থাকল মায়ের নামে। 

“২০২২ সালের জানুয়ারি মাসের পেনশনের টাকা আসেনি, কারণ লাইভ ভেরিফিকেশন হয়নি তখনও। আমার স্ত্রী মালিহা ইকবাল ও আমার মা উপজেলা অফিস থেকে লাইভ ভেরিফিকেশন করে আসল, চালু হয়ে গেল পেনশন। পেনশনের লাইভ ভেরিভিকেশন সম্পন্ন হওয়ার দিন পাঁচেক পরে মা চলে গেলেন।”

তিনি বলেন, মায়ের মৃত্যুর সনদ উঠিয়ে পেনশন অফিসে জমা দিতে বেশ কিছুদিন সময় অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে অ্যাকাউন্টে পেনশনের টাকা আসতেই আছে, যখনই পেনশনের টাকা আসার মেসেজ আসে মায়ের হাসিমাখা মুখটা মনে পড়ে। 

“এভাবে ২০২২ সালের মার্চ থেকে প্রতিমাসের টাকা, বৈশাখি ভাতা, দুই ইদের বোনাস, সব মিলিয়ে ৭৬,৭০০/ টাকা মা মারা যাওয়ার পর অতিরিক্ত জমা হয়েছিল।” 

তিনি জানান, “অবশেষে মায়ের ব্যাংক অ্যাকাউন্টটি ক্লোজ করে অতিরিক্ত জমা হওয়া টাকা সরকারি কোষাগারে জমা করলাম ছোট ভাই সাগরের মাধ্যমে, ঠিক মায়ের প্রথম মৃত্যুবার্ষিকীতে।” 

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান বলেন, মা মারা যাওয়ার পরে যে টাকা অ্যাকাউন্টে এসেছে সরকারি কোষাগারে তিনি টাকা ফেরত দিয়ে অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি করেছেন।