১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় কিশোর গ্যাংকে ‘অস্ত্র সরবরাহকারী’সহ গ্রেপ্তার ৯,  অস্ত্র-মাদক জব্দ

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

কুমিল্লায় কিশোর গ্যাংকে ‘অস্ত্র সরবরাহকারী’সহ গ্রেপ্তার ৯,  অস্ত্র-মাদক জব্দ
কুমিল্লায় যৌথ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ  ৯ জনকে আটক করা হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2025, 01:43 PM

Updated : 26 Aug 2026, 12:36 PM

কুমিল্লায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে দেশি-বিদেশি অস্ত্র ও মাদকসহ  ৯ জনকে আটক করা হয়েছে। 

যাদের মধ্যে ‘কিশোর গ্যাং’ সদস্যদের কাছে ‘অস্ত্র সরবরাহকারী’ একজন আছেন বলেও দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।  

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুমিল্লা র‍্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান। 

আটকরা হলেন, মো. রুবেল (৩৫), হুমায়ুন কবির (৪৫), মো. সাজ্জাদ হোসেন (৪৭), মো. আকিব হোসেন (২৯), মো. শাহাদাত হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১), মো. রফিউল আলম শাফি (২০)। 

তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চারটি গুলি, একটি রিভলভার, রিভলভারের আটটি গুলি, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণালংকার, ছুরি, কুড়াল, ল্যাপটপ ও নগদ অর্থ জব্দ করা হয়। 

র‍্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “সম্প্রতি কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের প্রতিরোধে শনিবার রাতে যৌথ অভিযান শুরু করা হয়।  

“অভিযানে সদর দক্ষিণ উপজেলার অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে প্রথমে আটক করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন।” 

হাসান বলেন, কুমিল্লা শহরের রেসকোর্স পলাশী গলি এলাকায় পৃথক অভিযানে তিন জনকে আটক করা হয়। অভিযানকালে টেবিলের নিচে লুকানো অবস্থায় দুটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং অন্যান্য বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়। 

“পরে আটকদের তথ্যের ভিত্তিতে আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকেও মোবাইলসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। আরেক অভিযানে আটক করা হয় হুমায়ুন কবিরকে।”

আটকদের বিরুদ্ধে থানায় আইননানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।