কুমিল্লায় মামলায় আসামি করা নিয়ে ছাত্রদলের সংঘর্ষ, আহত ৫
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহতের ঘটনায় ৯ সেপ্টেম্বর হত্যা মামলা করেন ছাত্রদলের এক নেতা।
কুমিল্লার বুড়িচংয়ে হত্যা মামলায় আসামি করা নিয়ে ছাত্রদলের দুই পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়েছেন। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার বিকালে উপজেলা সদরের বুড়িচং বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বুড়িচং থানার ওসি মো. আজিজুল হক।
পরে খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, বুড়িচং উপজেলায় ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি রয়েছে। একটি পক্ষের নেতাকর্মীরা উপজেলা বিএনপির সভাপতি এ টি এম মিজানুর রহমানের অনুসারী। আরেকটি পক্ষের নেতাকর্মীরা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।
সোমবার বিকালে এই দুটি পক্ষের নেতাকর্মীরাই সংঘর্ষে জড়িয়েছে।
বিএনপির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের নেতাকর্মীরা উপজেলার মোকাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেনকে পিটিয়ে আহত করেন। পরে জাকিরকে আটক করতে পুলিশ বাড়িতে অভিযান চালালে পালানোর সময় তার মৃত্যু হয়।
এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর বুড়িচং থানায় মিজানুর রহমানের অনুসারি উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলায় কুমিল্লা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এমএ জাহেরকে প্রধান আসামি করা হয়। ওই মামলায় আসামি করা হয় তানভীর ও সাইফুল নামের দুজনকে। দাবি করা হয়-তারা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাছির খানের অনুসারী এবং উপজেলা পরিষদ নির্বাচনে বাছিরের পক্ষে কাজ করেছেন।
তবে মামলার পর সম্প্রতি নিজেদের ছাত্রদলের নেতা দাবি করে সংবাদ সম্মেলন করে তানভীর ও সাইফুল। এরপর মামলা থেকে তাদের নাম বাদ দিতে বাদী মাহফুজকে হুমকি দেন ছাত্রদলের অপর পক্ষের নেতারা। তাদের কথা না শোনায় বাদী মাহফুজের ওপর এরই মধ্যে হামলার ঘটনা ঘটেছে।
ওই হুমকি ও হামলার প্রতিবাদে সোমবার বিকালে উপজেলা সদরে প্রতিবাদ সভার আয়োজন করেন মিজানুরের অনুসারি ছাত্রদলের নেতাকর্মীরা।
এ সময় দক্ষিণ জেলা বিএনপির নেতা জসিম উদ্দিন পক্ষের ছাত্রদলের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে সমাবেশে হামলা চালায়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দুই গ্রুপই পাল্টাপাল্টি ইটপাটকেল নিক্ষেপ করে।
সংঘর্ষের সময় মিজানুর গ্রুপের উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলামকে চাইনিজ কুড়াল দিয়ে পেটে আঘাত করা হয়। পিটিয়ে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়।
গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় দলীয় নেতাকর্মীরা। সাইফুল প্রবাসী বলে জানা গেছে।
সংঘর্ষে অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে মিজানুর গ্রুপের উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফ উদ্দিন সবুজ বলেন, “আমরা মাহফুজের ওপর হামলার নিন্দা জানাতে প্রতিবাদ করছিলাম। এ সময় অপর পক্ষের উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবালের নেতৃত্বে আমাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।
“আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমরা এ ঘটনার নিন্দা জানাই ও মামলার প্রস্তুতি নিচ্ছি। আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে বিএনপির ওই গ্রুপের লোকদের এত মাথা ব্যথা কেন?”
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জেলা বিএনপি নেতা জসিম উদ্দিনের অনুসারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ ওরফে পাখি।
তিনি বলেন, “বুড়িচং উপজেলা ছাত্রদলের অন্য কোনো গ্রুপ নেই। দলের অনুমোদিত পক্ষ কেবল একটাই। সোমবার বিকালের সংঘর্ষের ঘটনায় ছাত্রদল জড়িত নয়।
“মিথ্যা মামলার শিকার হয়েছেন দাবি করে কয়েকজন তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বলে শুনেছি। এ ঘটনার সঙ্গে উপজেলা ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। তাদের এসব অভিযোগ ভিত্তিহীন।”
ওসি মো. আজিজুল হক বলেন, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় এখনো কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
