২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বিএনপির লিফলেট বিলির সময় পুলিশের লাঠিপেটা

পুলিশের লাঠিপেটায় অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

যশোরে বিএনপির লিফলেট বিলির সময় পুলিশের লাঠিপেটা

যশোরে বিএনপির নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জ।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2024, 06:23 PM

Updated : 09 Jan 2024, 06:23 PM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে যশোরে লিফলেট বিতরণের সময় নেতাকর্মীদের পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ বিএনপির।

মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের বড়বাজারের কাপুড়িয়াপট্টিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম।

তবে পুলিশের লাঠিচার্জের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।

বিএনপির নার্গিস বেগম বলেন, “কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন প্রত্যাখান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে নেতাকর্মীরা লিফলেট বিলি করছিলেন।

“এ সময় আকস্মিক পুলিশ চারদিক থেকে ঘিরে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ শুরু করে। এতে আমিসব অন্তত ২৫ নেতাকর্মী আহত হয়েছি।”

তিনি আরও বলেন, কর্মসূচিতে মহিলা দলের নেতাকর্মীরাও ছিলেন। তাদেরকেও রেহাই দেয়নি পুলিশ। চলে যাওয়ার কথা বললেও তারা থামেনি।

এতে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছিলেন।

আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান বিএনপির নেতাকর্মীরা।

মিছিলে পুলিশের লাঠিচার্জ করার কথা নয় বলে জানান ওসি আব্দুর রাজ্জাক।

এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনকে একাধিকবার কল করা হলে তিনি সাড়া দেননি।