২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে রাস্তার পাশে ইজিবাইক চালকের লাশ, পুলিশ বলছে হত্যা

রাতে কালাম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিল না।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 03:43 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা এলাকার চড়াইল বলতলা সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে কাঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার জানান।   

নিহত ২২ বছর বয়সী কাওসার হাওলাদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের রাজপাশা গ্রামের রিকশাচালক মো. কালাম হাওলাদারের ছেলে।

তার লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠির সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ধাওয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইদ্রিস মোল্লা বলেন, রোববার রাত ১০টার দিকে ভান্ডারিয়া যাওয়ার কথা বলে একজন ব্যক্তি কালাম হাওলাদারকে ডেকে নেয়। রাতে কালাম বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিল না। সোমবার সকালে তার মরদেহ উদ্ধার হয়।

কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. দুলাল শরীফ বলেন, “রাস্তার পাশে একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির  মরদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন আমাকে জানায়। আমি পুলিশে খবর দেই।”

ওসি নাসির উদ্দিন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই ইজিবাইক চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলে তার ইজিবাইকটি পাওয়া যায় নি।

নিহতের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে জানিয়ে তিনি বলেন, “ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"