Published : 04 Sep 2026, 01:53 PM
মাদারীপুর সদর উপজেলার একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বাড়ির টিনের চালের অংশ উড়ে যায়, ছড়িয়ে পড়ে আতঙ্ক।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি আবুল কালাম আজাদ।
পরে পুলিশ সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করে। তিনি একই এলাকার মফিজ গাজীর ছেলে।
পরিত্যক্ত বাড়িটির মালিক রাজ্জাক মোল্লা ইতালী প্রবাসী।
স্থানীয়দের দাবি, স্থানীয় বিরোধের জের ধরে বাইরে থেকে কারিগর এনে পরিত্যক্ত বাড়িটিতে গোপনে হাত বোমা তৈরির কাজ চলছিল। পরে বিস্ফোরণে আহত হয়ে চার জন দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বিভিন্ন হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের মধ্যে বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত সিদ্দিক, আহাদ গাজী, নয়ন গাজী ও রাব্বী আকন আছে বলে দাবি স্থানীয়দের। তবে তাদের এ দাবি সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
প্রবাসে থাকায় বাড়িটির মালিক রাজ্জাক মোল্লার বক্তব্যও জানা যায়নি।
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে একজন আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিস্ফোরণের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে বলেও জানান ওসি।