২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 12:28 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি প্লাস্টিকের দ্রব্য প্রস্তুতকারী কারখানায় লাগা আগুন চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

বুধবার রাত পৌনে ২টার দিকে গোগনগর ইউনিয়নের মসিনাবন্দ বাড়িরটেক এলাকায় ‘প্লাস্টিক সাইন প্রাইভেট লিমিটেড’ কারখানায় অগ্নিকাণ্ড ঘটে।

পরে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন।

তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, “কারখানাটিতে পলিব্যাগ, হ্যাংগার ও স্কচ টেপসহ বিভিন্ন প্ল্যাস্টিকজাত দ্রব্য প্রস্তুত করা হতো। ভেতরে প্ল্যাস্টিকের কাঁচামাল ও দ্রব্য থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।”

কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে জানতে চাইলে তিনি বলেন, “শর্ট সার্কিট থেকে আগুনের লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাকিটা তদন্তের পর জানা যাবে।”