Published : 30 May 2026, 02:25 PM
লক্ষ্মীপুরে ঈদের দিন স্ত্রীকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করার মামলায় পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার সকালে র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মুহিত কবির সেরনিয়াবত জানান।
গ্রেপ্তার রিয়াজুল ইসলাম রাজু (৩৫) সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের হুগলডহুরী গ্রামের খইয়া গাজী হাওলাদার বাড়ির মো. ইউছুফের ছেলে। তার স্ত্রী পূর্ণিমা আক্তার গুরুতর আহত অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন।
মামলার বরাতে র্যাব জানায়, প্রায় দশ বছর আগে রাজুর সঙ্গে পূর্ণিমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল।
এর জের ধরে ঈদের দিন পূর্ণিমাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রাজু পালিয়ে যায়।
পরে পূর্ণিমাকে আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করেন।
এ ঘটনায় পূর্ণিমার মা পাখি বেগম বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে সদর মডেল থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন।
র্যাব কর্মকর্তা মুহিত কবির সেরনিয়াবত জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।