নাফ নদী থেকে আটক ২০ জেলেকে ফেরালো বিজিবি
“আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।”
কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরার সময় নৌকাসহ মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে ফেরত এনেছে বিজিবি।
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এসব জেলেদের টেকনাফের শাহপরীরদ্বীপ জেটি ঘাটে নিয়ে আসা হয়েছে বলে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানিয়েছেন।
এর আগে মঙ্গলবার বিকালে টেকনাফে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছিল।
উদ্ধার জেলেরা হলেন-টেকনাফের শাহপরীর দ্বীপের আলী আহমদের ছেলে শাহ আলম (২৮), শফি উল্লাহর ছেলে আসমত উল্লাহ (১৮), নুরুল আলমের ছেলে আবদুস শুক্কুর (৩২), নজু মিয়ার ছেলে আবুল হোছন (৪৫), নাজির হোছনের ছেলে আয়ুব খান (৪৮), মো. ইউসুফের ছেলে নুর হোছন (৪৫), বশির আহমদের ছেলে মো. বেলাল (২৯), নুর আমিনের ছেলে সলিম (৩৫), জাকারিয়ার ছেলে আবদুল কাদের (২৫), সোলতান আহমদের ছেলে মো. হাশিম (৩৫), মো. আলমের ছেলে মো. হোছেন (২৮), ইলিয়াছের ছেলে মহি উদ্দিন (২৬), মো. ইউনুছের ছেলে এনায়েত উল্লাহ (৩০), মো. ইউনুছের ছেলে নুর হাফেজ (৪০), মছন আলীর ছেলে মো. ইয়াছিন (৩৫), আমির সাদুর ছেলে আবদু রহিম (৪৪), বাচা মিয়ার ছেলে হাছান আলী (৫৩), আবদু শুক্কুরের ছেলে ওসমান গণি (৩০), মহেষখালী উপজেলার নাছির উদ্দিনের ছেলে ইন্নামিন (২৭) ও উখিয়া উপজেলার হাছন শরীফের ছেলে আবদু শুক্কুর (৪৬)।
লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন বলেন, “টেকনাফের শাহপরীরদ্বীপ ট্রলারঘাট এলাকা থেকে ২০ জন বাংলাদেশি জেলে ১৫টি হস্তচালিত এবং দুটি ইঞ্জিন চালিত নৌকায় করে মাছ ধরার জন্য বঙ্গোপসাগরে যায়। তারা মাছ ধরার এক পর্যায়ে ভুল করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমার নাইক্ষ্যংদিয়া এলাকায় ঢুকে পড়ে।
“এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি অবৈধ অনুপ্রবেশের দায়ে নৌকাসহ ২০ বাংলাদেশি জেলেকে আটক করে নিয়ে যায়। পরে বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগের মাধ্যমে তাদের ফেরত আনা হয়।”
২০ বাংলাদেশি নাগরিককে নিকটতম আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
