Published : 04 Dec 2025, 11:20 AM
‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’-স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রজাপতি মেলা।
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের কীটতত্ত্ব শাখার আয়োজনে শুক্রবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে এ বছরের ১৫তম প্রজাপতি উৎসব।
২০১০ সাল থেকে প্রতিবছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ‘প্রজাপতি মেলা’ আয়োজন করা হয়।
মেলার আহ্বায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, এবার মেলায় ‘বাটারফ্লাইস অফ বাংলাদেশ’ বইয়ের তৃতীয় সংস্করণ উন্মোচিত হবে। বইতে থাকবে ৩৬০টি প্রজাতির প্রজাপতির ছবিসহ প্রজাপতির বায়োলজি ও সনাক্তকারী জিনভিত্তিক তথ্য।
এছাড়া প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্রে প্রজাপতি, প্রজাপতি বান্ধব বৃক্ষাদি ও প্রজাপতির প্রজনন ক্ষেত্রসহ উন্মুক্ত বাগান থাকবে বলে জানান তিনি।
মেলায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। থাকছে প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড।
এছাড়াও শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতি বিষয়ক কুইজ প্রতিযোগিতা, ডকুমেন্টারি প্রদর্শনী আই, দিনব্যাপী প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী ও প্রজাপতি চেনা প্রতিযোগিতাসহ নানা আয়োজন থাকছে।
এবারের মেলায় প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড–২০২৫’ পাচ্ছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও সংরক্ষণবিদ আলী রেজা খান।
এছাড়া ‘বাটারফ্লাই ইয়াং এনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড-২০২৫’ যৌথভাবে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী সাব্বির আহমেদ, শাহারিয়ার রাব্বি তন্ময় ও নূরে আফসারি।
এবারের মেলার টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ‘কিউট’। প্রতি বছরের মতো সহযোগী সংগঠন হিসেবে যুক্ত হয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন), আরণ্যক ফাউন্ডেশন ও বাংলাদেশ বন বিভাগ।
এছাড়া মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চ্যানেল আই ও রেডিও ভুমি।