বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, আটক ২
নয় দফা দাবিতে ডাকা মিছিল থেকে প্রথমে ছয়জনকে আটক করা হলেও পরে চার শিক্ষার্থীকে ছেড়ে দেয় পুলিশ।
কোটাবিরোধী আন্দোলনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারসহ ৯ দফা দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরের পর শহরের সাতমাথাসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল থেকে প্রথমে ছয়জনকে আটক করা হলেও পরে চার শিক্ষার্থীকে ছেড়ে দেওয়া হয় বলে জানান বগুড়া সদর থানার ওসি সাইহান ওয়ালিউল্লা।
আটকদের মধ্যে একজনের নাম পাওয়া গেছে। রুকু আক্তার নামের ওই শিক্ষার্থী নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী বলে দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে সাতমাথা এলাকায় চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এর মধ্যে দুইজন ছাত্রী। এ ছাড়া শহরের এডওয়ার্ড পার্ক এলাকা ও সেউজগাড়ী থেকে দুইজনকে আটক করা হয়।
অন্যদিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ৩টার দিকে জলেশ্বরীতলার কালী মন্দির এলাকার শিক্ষার্থীরা অবস্থান নেয়। খবর পেয়ে বিকাল ৪টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
এ ছাড়া শহরের মহিলা কলেজ রোড, বনানীসহ বিভিন্ন পয়েন্টে সন্দেহভাজন কাউকে দেখলেই র্যাব, বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশিসহ জিজ্ঞাসাবাদ করেছেন।
কোটা আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত বগুড়ায় ১৫টি মামলা হয়েছে; আর এসব মামলায় অন্তত ১৪৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি সাইহান ওয়ালিউল্লা বলেন, “বিক্ষোভ মিছিল থেকে ছয়জনকে আটক করে নিয়ে আসা হয়েছিল। তাদের মধ্যে চারজন শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদের পর তাদের অভিভাবকদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি দুজনের বিষয়ে পরে সিদ্ধান্ত হবে।”
