ফেনীতে মেছোবাঘ আটকের পর বনে অবমুক্ত
মেছোবাঘটি উদ্ধার করে বিকালে সীমান্তবর্তী বিলোনিয়া রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়েছে, বলেন বন বিভাগের পরশুরাম রেঞ্জ কর্মকর্তা।
ফেনীর ফুলগাজীতে একটি মেছোবাঘ আটক করে এলাকাবাসী। পরে প্রাণীটি বনে অবমুক্ত করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার দরবারপুর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর গ্রাম থেকে মেছোবাঘটি আটক করা হয়।
ওই গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, সকালে ধানক্ষেতের পাশে একটি ঝোপ থেকে মেছোবাঘটিকে তারা আটক করেন। বাঘটি শারীরিকভাবে কিছুটা দুর্বল ছিল। ধারণা করা হচ্ছে, খাবারের সন্ধানে সেটি ওই ধানক্ষেতের পাশের ঝোপে এসেছে।
ফুলগাজী উপজেলার ইউএনও তানিয়া ভুঞা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিষয়টি তিনি বন বিভাগের লোকজনদের জানান। পরে তারা গিয়ে সেটি উদ্ধার করেন।
বন বিভাগের পরশুরাম রেঞ্জ কর্মকর্তা আবু নাছের জিয়াউর রহমান বলেন, ছাইরংয়ের মেছোবাঘটি এলাকাবাসীর কাছ থেকে উদ্ধার করে বিকালে সীমান্তবর্তী বিলোনিয়া রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়েছে।
