২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালী-৩: স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা-ভাঙচুর, আহত ১০

হামলার ঘটনায় নৌকার সমর্থকরা জড়িত বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2023, 12:50 AM

Updated : 30 Dec 2023, 12:50 AM

নোয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের নির্বাচনি প্রচারের গাড়িবহরে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। এতে সাংবাদিকসহ ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মো. নাজমুল হাসান রাজিব।

হামলায় স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরের একটি মাইক্রোবাস ছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

হামলায় এটিএন বাংলার স্টাফ রিপোর্টার মো. নাজিবুর রহমান, ক্যামেরা পারসন এইচ এম এহসান স্বজন, স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ফররুখ আহমেদ, হুমায়ুন কবির, তোফাজ্জল হোসেন রিপন, ইফাজ, ইসমাইল, রুবেল, মো. রাশেদ, রায়হান, আপন ও প্রান্ত আহত হয়েছেন। তাদের বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় একলাশপুর বাজারে নৌকা প্রার্থীর পূর্বনির্ধারিত পথসভা ছিল। সেখানে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। একই সময় পাশের গাবুয়া বাজারে গণসংযোগ করেন ট্রাক প্রতীকের প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদ।

এ সময় নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে স্বতন্ত্র প্রার্থী জাবেদ গণসংযোগ শেষে ফেরার পথে নৌকার লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

ট্রাক প্রতীকের প্রার্থী জাবেদ বলেন, একলাশপুরের তুলাবাড়ি এলাকায় ভোটারদের সঙ্গে দেখা করে চৌমুহনী ফেরার পথে নৌকার সমর্থকরা তার গাড়িবহরে অতর্কিত হামলা চালায়।

আহত এটিএন বাংলার সাংবাদিক নাজিবুর রহমান বলেন, “স্বতন্ত্র প্রার্থীর সাক্ষাৎকার নেওয়ার কিছুক্ষণ পর আমাদের গাড়িবহরে একদল লোক হামলা করে। স্বতন্ত্র প্রার্থীকে তার লোকজন পার করে দিলে হামলাকারীরা আমাদের গাড়িতে ভাঙচুর চালায়।”

বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থীর প্রধান নির্বাচনি এজেন্ট এ বি এম জাফর উল্যাহ বলেন, “জনসমর্থন হারিয়ে নৌকার প্রার্থী বেসামাল হয়ে গেছেন। প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীর হয়ে ভোট উৎসব করতে বলেছেন।

“কিন্তু মামুনুর রশিদ কিরণ আতঙ্ক সৃষ্টি করে ভোটের পরিবেশ নষ্ট করার পাঁয়তারা করছেন। বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করব। প্রতিকার না পেলে আমরা ভোটের মাঠ থেকে সরে দাঁড়াতে বাধ্য হব।”

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজমুল হাসান রাজিব, বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিনুল হাসান, বেগমগঞ্জ থানার ওসি মো. আনোয়ারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

এ ঘটনায় এটিএন বাংলার পক্ষ থেকে থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

এ বিষয়ে নৌকার প্রার্থী মামুনুর রশিদ কিরণের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।