২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে বিকাশ এজেন্টের মাথা থ্যাঁতলানো লাশ উদ্ধার

পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশশের।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2022, 04:14 PM

Updated : 09 Sep 2022, 04:14 PM

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় নিখোঁজ এক বিকাশ এজেন্টের মাথা ও মুখ থ্যাঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তিলকপুর ইউনিয়নের কাঁনচ পাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে আশরাফুল ইসলামের লাশ উদ্ধার করা হয় বলে আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান।

নিহত আশরাফুল ইসলাম ওই গ্রামের সামছুল হকের ছেলে।

নিহতের পরিবারের বরাতে ওসি বলেন, তিলকপুর রেলস্টেশনে আশরাফুলের বিকাশের ব্যবসা করতেন। প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন তিনি। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিলো না।

“সকালে এক কৃষকর মাঠে কাজ করতে যাওয়ার পথে ধানক্ষেতে আশরাফুলের মরদেহ দেখতে পান। এ সময় থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।“

দুর্বৃত্তরা আশরাফুল মাথা ও মুখে লোহার রড বা ভারী কোনো বস্তু দিয়ে আঘাত ও নির্যাতন করে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, “মৃতদেহের গলায় কাপড় পেঁচানো ছিলো। বিকাশের অর্খ হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে বা পূর্ব শত্রুতার জেরেও এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।”

লাশ জয়পুরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।