২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্রে নেমে ‘চোরাবালিতে আটকে’ যুবকের মৃত্যু

প্রথমে মজা করছেন ভেবে যুবককে উদ্ধারে বন্ধুরা কেউ এগিয়ে যাননি।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2023, 06:36 PM

Updated : 06 Jul 2023, 06:36 PM

ময়মনসিংহে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ‘চোরাবালিতে আটকে’ এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরের দিকে মহানগরীর থানার ঘাট এলাকার নদে এ ঘটনা ঘটে বলে সদর উপজেলার চরঈশ্বরদিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য নুসরাত জাহান লিপি জানান।

নিহত সাইফুল ইসলাম ওরফে শারফুল (২৫) ওই ইউনিয়নের চর লক্ষীপুর গ্রামের ভাটিপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।

তিনি শহরের থানার ঘাট এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১১টার দিকে কয়েকজন বন্ধুকে নিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান শারফুল। এক পর্যায়ে তিনি নদের চোরাবালিতে আটকে চিৎকার করতে থাকেন। সঙ্গে থাকা বন্ধুরা প্রথমে ভেবেছেন, শারফুল মজা করছেন।

কিন্তু আস্তে আস্তে তিনি চোরাবালিতে তলিয়ে যেতে থাকলে ভয়ে বন্ধুরা নদ থেকে উঠে যান।

পরে স্থানীয় কয়েকজনকে ডেকে নিয়ে নদ থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শারফুলকে মৃত ঘোষণা করেন।

যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছেন; তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ দেননি বলে জানান কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।