২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ ২ শিশুর লাশ উদ্ধার

স্বজনরা নিখোঁজ দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে তা উদ্ধার করে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2024, 12:18 PM

Updated : 26 Aug 2026, 10:59 AM

কক্সবাজারের টেকনাফে সাগরে গোসল করতে নেমে নিখোঁজের ১৫ ঘণ্টা পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার হয়েছে।

সোমবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগর থেকে লাশ দুটি উদ্ধার করা হয় বলে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান।

মৃতরা হল-টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার মো. নজির আহমদের ছেলে নজরুল ইসলাম (১২) ও একই এলাকার কোরবান আলীর ছেলে ইমরান হোসেন ওরফে বাবুল (১৩)।

এর আগে রোববার বেলা পৌনে ১টার দিকে টেকনাফ সদরে বিচ পয়েন্ট সাগরে একই এলাকার ১০-১৫ জন শিশু খেলতে যায়। এক পর্যায়ে সাগরে গোসল করতে নামলে তাদের মধ্যে তিন শিশু স্রোতের টানে ভেসে যায়।  

এ সময় ঘটনাস্থলে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা গিয়ে নুর কামাল নামে ১০ বছরের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। তখন থেকে নজরুল আর বাবুল নিখোঁজ ছিল।

তারা তিনজনই টেকনাফ সদর ইউনিয়নের খুনকার পাড়ার আশরাফিয়া দারুল নাজাত হিফজখানার ছাত্র ছিল।

ওসি গিয়াস উদ্দিন বলেন, “ঘটনার পর থেকে পুলিশ, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় জেলেরা নিখোঁজদের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা শুরু চালায়। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এরপর অন্ধকার ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়। তবে স্বজনরা নিজেদেন মত করে সন্ধান অব্যাহত রাখে।

“এক পর্যায়ে সোমবার ভোরে লেঙ্গুরবিল লম্বরীঘাট এলাকার সাগরে নিখোঁজ দুই শিশুর মৃতদেহ ভাসতে দেখে স্বজনরা। পরে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশকে জানায়।”

দুই শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।