২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় সড়ক দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের ২ শ্রমিক নিহত

রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে রাব্বি হোসেন এবং রোববার সকালে নিশান মুন্সির মৃত্যু হয়।

পাবনায় সড়ক দুর্ঘটনায় রূপপুর প্রকল্পের ২ শ্রমিক নিহত
রাব্বি হোসেন ও নিশান মুন্সি।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2025, 07:09 PM

Updated : 26 Aug 2026, 05:22 PM

পাবনার ঈশ্বরদীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। তারা দুজনই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিক ছিলেন। 

শনিবার রাত ১০টার দিকে শহরের আলহাজ্ব মোড় এলাকায় দুর্ঘটনার পর রোববার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান। 

নিহতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর গ্রামের শাহজাহান আলীর ছেলে রাব্বি হোসেন (২৭) এবং একই ইউনিয়নের মানিকনগর গ্রামের গোলাম রসুল মুন্সির ছেলে নিশান মুন্সি (২২)। 

স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, শনিবার রাতে রাব্বি ও নিশান মোটরসাইকেলে করে ঈশ্বরদী পৌর শহর থেকে বাড়ি ফিরছিলেন। পথে আলহাজ্ব মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মীর আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার গভীর রাতে রাব্বি হোসেন এবং রোববার সকালে নিশান মুন্সির মৃত্যু হয়।

ওসি মো. মমিনুজ্জামান বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে দুই যুবকের মরদেহ ঈশ্বরদীতে পৌঁছানোর পর বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হবে। 

এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি মামলা করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।