২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে নিখোঁজের ৫ দিন পর মিলল রিকশাচালক যুবকের লাশ

‘ব্যাটারির রিকশা ছিনতাইয়ের জন্য’ তাকে হত্যা করা হতে পারে, বলছে পুলিশ।

যশোরে নিখোঁজের ৫ দিন পর মিলল রিকশাচালক যুবকের লাশ
মাসুদ রানা।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2025, 11:30 PM

Updated : 26 Aug 2026, 02:27 PM

যশোরে নিখোঁজের পাঁচ দিন পর ব্যাটারির রিকশাচালক এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকালে ঝিকরগাছার বায়সা ও আশিংড়ী গ্রামের মাঝামাঝি একটি নির্মাণাধীন বাড়ির জানালার সঙ্গে বাঁধা তার লাশ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

মাসুদ রানা (২১) নামে ওই যুবক শার্শা উপজেলার উলাশী গ্রামের আব্দুল আজিজের ছেলে।

ঝিকরগাছা থানার ওসি গাজী নুর মোহাম্মদ বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। ‘ব্যাটারির রিকশা ছিনতাইয়ের জন্যই’ তাকে হত্যা করা হতে পারে ধারণা করা হচ্ছে।

নিহতের বাবা আব্দুল আজিজ বলেন, সোমবার দুপুরে মাসুদ তার রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। প্রতিদিন আছরের নামাজের পর বাড়ি ফিরলেও সেদিন এশার আজানের পরও ফেরেননি।

ছেলেকে অনেক খুঁজেও তাকে না পেয়ে পরের দিন শার্শা থানায় একটি জিডি করেন আব্দুল আজিজ। এর চার দিন পর তার লাশ উদ্ধার করল পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।