২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জায়গা সরকারি, ঘর তুলে ‘ভাড়া দিচ্ছেন’ বিএনপি নেতা

নোটিস দেওয়া হয়েছে। তারপরও ঘর নির্মাণ বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, বলেন সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2024, 11:37 PM

Updated : 26 Aug 2026, 11:10 AM

সদর উপজেলার সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের শালুয়াভিটা হাটের কাছে সরকারি জায়গায় ঘর তুলে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। 

সড়ক ও জনপথ বিভাগ জায়গা দখলমুক্ত করার নোটিস দিলেও নির্মাণ কাজ বন্ধ হয়নি। 

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, ১৭ ডিসেম্বর লিখিত নোটিস দেওয়া হয়েছে। এরপরও ঘর নির্মাণ বন্ধ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যার বিরুদ্ধে অভিযোগ, সেই সাইফুল ইসলাম খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক। 

শালুয়াভিটা হাটের ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, “গত বছর এই হাটের ইজারা বাতিল করেছে প্রশাসন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড ঘটনাস্থলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জায়গা উদ্ধারের পর সড়ক বিভাগকে বুঝিয়ে দিয়ে যায়। সেই জায়গা এতদিন ফাঁকাই ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি নেতা সাইফুল ইসলাম দখল করে একের পর এক ঘর তুলে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।”

খোকশাবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি হাফিজুর রহমান খোকা বলেন, “সড়ক ও জনপথের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে অবৈধভাবে ঘর নির্মাণ বন্ধের নোটিস দিয়েছেন। তারপরও দলের নাম ভাঙিয়ে সাইফুল ইসলাম সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণ করে লাখ লাখ টাকা বাণিজ্য করছে। এতে দলের ভাবমুর্তি নষ্ট হচ্ছে।” 

এ বিষয়ে জেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি। 

শালুয়াভিটা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, “সরকারি জায়গা দখল করে দোকান ঘর নির্মাণ করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি করা হচ্ছে।” 

এসব স্থাপনা দ্রুত বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনিও। 

এ বিষয়ে সাইফুল ইসলাম বলেন, “শুধু আমার বিরুদ্ধে অভিযোগ করে লাভ নেই। অনেকেই এখানে অবৈধভাবে দোকানপাট নির্মাণ করেছে। করতে চাইলে সবার স্থাপনাই উচ্ছেদ করতে হবে।” 

সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল বলেন, “১৭ ডিসেম্বর লিখিত নোটিস দেওয়া হয়েছে। এরপরও ঘর নির্মাণ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।”