নওগাঁয় ইট বোঝাই ট্রাক্টর দুর্ঘটনায় চালক ও সহকারী নিহত
খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে রাণীনগর থানা জানায়।
নওগাঁর রাণীনগর উপজেলায় ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার খাঁনপুকুর চৌধুরীমোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু পাল জানান।
নিহতরা হলেন- উপজেলার চককুতুব গ্রামের মো. মুসলিম উদ্দিনের ছেলে ট্রাক্টর চালক রাব্বী হোসেন (২৫) এবং ত্রিমোহনী গ্রামের সরদার আলীর ছেলে হেলপার মো. হিমেল (২৫)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ইট বোঝাই ট্রাক্টরটি রাণীনগর থেকে আবাদপুকুরের দিকে যাচ্ছিল। ট্রাক্টরে একজন চালক ও তিনজন চালকের সহকারী (হেলপার) ছিলেন। পথে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনজন।
লোকজন তাদের রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাব্বী ও হিমেলের অবস্থার অবনতি হওয়ায় তাদের নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুরে কাছাকাছি সময়ে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু পাল বলেন, দুর্ঘটনায় আহত একজন হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
