Published : 05 Nov 2025, 06:19 PM
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে ঘর থেকে ডেকে নিয়ে এক গরু ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বুধবার ভোরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চল ঝাঞ্জাই ডাকুমারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ফুলছড়ি থানার ওসি মাজহারুল ইসলাম।
নিহত খোকা মিয়া (৪৫) ওই গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে। তিনি গরুর ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
আটক দুলাল মাঝি (৪৫) ওই এলাকার বাসিন্দা।
খোকার স্ত্রী রাবেয়া বেগম বলেন, ভোর ৪টার দিকে চার থেকে পাঁচজন অজ্ঞাতপরিচয় লোক তাদের বাড়িতে এসে খোকাকে নাম ধরে ডাকেন। পরে খোকা ঘুম থেকে উঠে ঘরের দরজা খুলে বাইরে যান। লোকগুলো তাকে জিজ্ঞাসা করেন, এখানে মাছ ধরা যাবে কি-না। উত্তরে খোকা বলেন, না।
“ঠিক সেই মুহূর্তে গুলির শব্দ পাই। দ্রুত বাইরে গিয়ে দেখি আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়ে আছেন”, বলেন তিনি।
প্রতিবেশীরা জানান, ভোরে হঠাৎ গুলির শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে খোকা মিয়ার নিথর শরীর পড়ে থাকতে দেখেন তারা।
ওসি মাজহারুল ইসলাম বলেন, খোকা মিয়ার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শক্ত কোনো ভারি বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের শরীরে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।