২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি সুযোগ-সুবিধা চেয়ে কান্নায় ভেঙে পড়লেন মহিলা ভাইস চেয়ারম্যান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এই মহিলা ভাইস চেয়ারম্যান।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2024, 01:56 AM

Updated : 26 Aug 2026, 10:18 AM

স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী অপসারিত হয়েছেন দেশের সব উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। 

অপসারিত হলেও বিশেষ বিবেচনায় সরকারি সুযোগ-সুবিধার দাবি জানিয়েছেন রাজশাহীর মোহনপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেখ হাবিবা।

বুধবার দুপুরে নগরীর কাদিরগঞ্জে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ দাবিতে সংবাদ সম্মেলন করেন তিনি।

এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন এই মহিলা ভাইস চেয়ারম্যান। 

কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে তিনি ২০১১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সাতটি মিথ্যা মামলার আসামি হয়ে সাতবার জেলে গেছেন। এখনও দুটি মামলা বিচারাধীন। তার স্বামী একজন চায়ের দোকানি। 

কিন্তু দায়িত্ব নেওয়ার অল্পদিনের মধ্যেই (সোমবার) দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার সমর্থন রয়েছে জানিয়ে শেখ হাবিবা বলেন, “মোহনপুর থানায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগ অফিস পুড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, ভূমি অফিস ভাঙচুর হয়েছে। কিন্তু আমার ওপর হামলা হয়নি; আমি পালাইনি। কারণ, সবাই আমাকে ভালোবাসেন।” 

তিনি বলেন, “মহিলা ভাইস চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর আমি উপজেলা সদরে সরকারি কোয়ার্টারে উঠেছি। আমার ছোট্ট মেয়েটাকে স্কুলে ভর্তি করেছি। এ জন্য আমি অপসারিত হওয়ার পরও সরকারি কোয়ার্টারে থাকতে চাই। এই সুযোগটা দেওয়ার জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাই।”

নিজেও পড়াশোনা করেন জানিয়ে হাবিবা বলেন, “একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে চতুর্থ বর্ষ চলছে। আমার স্বামী একজন চা দোকানি। চা বিক্রি করে সংসার চালান। আমার সম্মানী ভাতার টাকাটা পেলে সংসারে আর্থিক সচ্ছলতা থাকবে। আমার কিছুই নেই। আমি সরকারের কাছে এটা চাই।”

ঘাষিগ্রাম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের সাবেক মহিলা সদস্য মা মিনা বেগম ও দুই শিশুকন্যাকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে আসেন শেখ হাবিবা।