Published : 14 Jul 2026, 10:21 PM
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সোমবার বিকালে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর শ্রীশ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সামনে এই মানববন্ধনে মন্দির ব্যবস্থাপনা কমিটি নেতৃবৃন্দ ছাড়ায় ভক্তরা অংশ নেন।
এতে বক্তব্য রাখেন শ্রীশ্রী রাধা গোবিন্দ কালী মন্দিরের সাধারণ সম্পাদক বিপিন চন্দ্র দাস, ভক্ত রামু চন্দ্র দাস, কৈলাশ চন্দ্র দাস, মনোরঞ্জন দাস, সঞ্জয় দাস।
বিপিন চন্দ্র দাস বলেন, “হরিদাসের শ্রম ও মেধায় এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। তার এই শ্রম বিফলে যাবে না।”
তিনি বলেন, “সরকারের সুদৃষ্টি কামনা করছি, হরিদাসকে যেন মুক্তি দেয় প্রশাসন। তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার করায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
বক্তারা অবিলম্বে হরিদাসের মুক্তি দাবি করে বলেন, হরিদাসকে নিয়ে কঠিন ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রের অবসান ঘটবে বলে মনে করেন তারা।

রোববার সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম ঢাকার উত্তরা পশ্চিম থানায় হরিদাস চন্দ্র তরণী দাসের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেন।
পরে একই রাতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা-গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি চার দিনের রিমান্ডে রয়েছেন।
আরও পড়ুন:
হরিদাসকে নিয়ে ‘এক মাস ধরেই’ অনুসন্ধানে ছিল সিআইডি
গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস ৪ দিনের রিমান্ডে
গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস অর্থপাচার মামলায় গ্রেপ্তার