Published : 13 Jul 2026, 05:23 PM
গাইবান্ধার পলাশবাড়ীতে রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী দাসকে অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন সোমবার এ আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী কবীর হোসেন জানান।
৯ কোটি ৩৫ লাখ টাকা অর্থপাচারের অভিযোগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের এসআই সাইফুল ইসলাম রোববার উত্তরা পশ্চিম থানায় হরিদাস চন্দ্রের বিরুদ্ধে এ মামলা করেন।
এরপর রাত সাড়ে ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের রাধা গোবিন্দ ও কালী মন্দির এলাকা থেকে হরিদাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হরিদাসের বিরুদ্ধে প্রতারণা, হুন্ডি ও সংঘবদ্ধ অপরাধের অভিযোগ থাকায় সিআইডি প্রাথমিক অনুসন্ধান করে। তাতে দেখা যায়, বৈধ কোনো আয়ের উৎস না থাকলেও তার বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) হিসাবে ৯ কোটি ৩৫ লাখ টাকা জমা হয়েছে।
এর প্রায় সবই তিনি উত্তোলন করেছেন জানিয়ে সিআইডি বলেছে, দেশের বিভিন্ন স্থানের নানা ব্যক্তি বিপুল পরিমাণ অর্থ হরিদাসের ব্যাংক হিসাবগুলোতে জমা করেছেন, যা তার পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
গ্রেপ্তার হরিদাস চন্দ্র রামচন্দ্রপুর গ্রামের গোপীনাথ চন্দ্র দাসের ছেলে। সোমবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন সিআইডি পুলিশের ইন্সপেক্টর কে এম রাকিবুল হুদা।
রাষ্টপক্ষে কবীর হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। হরিদাস চন্দ্রের পক্ষে তার আইনজীবী শ্যামল কুমার রায় রিমান্ডের বিরোধিতা করে জামিন চান। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত হরিদাসকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
সম্প্রতি পলাশবাড়ী উপজেলায় রাধা গোবিন্দ ও কালী মন্দির চত্বরে হিন্দু দেবতা রামের বিগ্রহ নির্মাণ কাজ শুরু করে মন্দির কর্তৃপক্ষ। তাদের ভাষ্য, এটি হবে ‘এশিয়ার সর্ববৃহৎ’ রাম বিগ্রহ।
এর অর্থায়নের উৎস নিয়ে প্রশ্ন তুলে ইমাম ওলামা পরিষদ আন্দোলনে নামলে গেল ৯ জুন বিগ্রহ নির্মাণের কাজ স্থগিত করে মন্দির কমিটি।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ভারতে অবস্থানের পর হরিদাস ২০২৪ সালে এলাকায় ফিরে আসেন। এরপর তিনি গ্রামের কালী মন্দিরের পুরনো অবকাঠামো পরিবর্তন করে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছিলেন।
পুরনো খবর
গাইবান্ধায় রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস অর্থপাচার মামলায় গ্রেপ্তার