২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাস-ট্রাক সংর্ঘষে নিহত ২

ঘটনাস্থলে বাস চালকের সহকারী ও একজন যাত্রী মারা যান, বলছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 12:54 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাস ও ট্রাকের সংর্ঘষে বাস চালকের সহকারীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাত জন।

শুক্রবার সকাল ৭টার দিকে ঠুটিয়াপুকুর বাজারের অদুরে গড়েয়ার ঈদগাহ মাঠ এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি সরওয়ার আলম খান জানিয়েছেন।

নিহতরা হলেন- সাদুল্লাপুর উপজেলার কাজীবাড়ী সন্তোলা গ্রামের আব্দুল গণি আকন্দের ছেলে বাসচালকের সহকারী মুসা আকন্দ (২৫) এবং রংপুরের পীরগঞ্জ উপজেলার ধানাশলা গ্রামের হারুন মিয়ার ছেলে বাসযাত্রী জামিল হোসেন (২০)।  

আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী ‘কাজী লাইন’ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস সামনে থাকা একটি সিমেন্ট বোঝাই ট্রাককে ওভারটেক করা সময় ধাক্কা দেয়।

এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে বাস চালকের সহকারী ও একজন যাত্রী মারা যান। আহত হন অন্তত সাতজন বাসযাত্রী। 

ওসি সরওয়ার আলম খান বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আর আহতদের উদ্ধার করে পাঠানো হয়েছে হাসপাতালে।  

ট্রাক ও বাসটি আটক করা হলেও চালকরা পালিয়ে গেছেন বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।