Published : 03 Jul 2026, 04:39 PM
গাজীপুরের শ্রীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর প্রাণ গেছে।
বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মাওনা হাইওয়ে থানার ওসি কামরুজ্জামান জানিয়েছেন।
নিহতরা হলেন-ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা সোলাইমান (২৫) ও মো. কাওছার (২৭)।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ বলছে, দুজন মোটরসাইকেলে করে ঢাকা থেকে ময়মনসিংহে এক বন্ধুর বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে একটি মাছবাহী ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই সোলাইমান ও কাওছারের মৃত্যু হয়। পরে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি থানায় নিয়ে যায়।
ওসি কামরুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ট্রাক ও মোটারসাইকেলটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।