২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় আলাদা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ ছাড়া আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

চুয়াডাঙ্গায় আলাদা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
চুয়াডাঙ্গায় রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলায় আলাদা দুটি হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 

বুধবার সকালে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ মো. আকবর আলী শেখ আসামিদের উপস্থিতিতে পৃথকভাবে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মারুফ সরোয়ার।

দণ্ড পাওয়ারা হলেন- আলমডাঙ্গার বামানগর গ্রামের কাশেম আলীর ছেলে স্বাধীন আলী (৩৪) ও চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ার প্রয়াত বিপ্লব হোসেনের ছেলে আশিকুর রহমান আশিক ওরফে বাদশা (২৪) এবং অপর মামলায় জীবননগর উপজেলার ইব্রাহিম মণ্ডলের ছেলে জমির উদ্দিন (৪৫)।

পিপি মারুফ সরোয়ার বলেন, পূর্ব বিরোধের জের ২০২২ সালের ১৬ জুন সকালে জীবননগর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের জমির উদ্দিন একই গ্রামের প্রয়াত রমজান আলীর ছেলে বাবলু রহমানকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেন। 

এ ঘটনায় জমির উদ্দিনকে একমাত্র আসামি করে বাবলুর স্ত্রী চায়না খাতুন জীবননগর থানায় হত্যা মামলা করেন বলে জানান তিনি।

মামলায় ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান পিপি মারুফ সরোয়ার। 

পিপি মারুফ সরোয়ার বলেন, অপরদিকে জমি নিয়ে বিরোধের জেরে ২০২২ সালের ৯ মে রাতে আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের জাহান আলী মাস্টারের ছেলে কামাল হোসেনকে বাড়ি থেকে ডেকে নেয় স্বাধীন আলী ও আশিকুর রহমান আশিক। পরে কামালকে রাস্তার পাশে কুপিয়ে হত্যা করে চলে যান আসামিরা।

ঘটনার পরদিন নিহত কামাল হোসেনের স্ত্রী সেলিনা আক্তার আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেন বলে জানান তিনি।

মামলায় ২৬ জনের সাক্ষ্য গ্রহণ শেষ স্বাধীন ও আশিককে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। 

রায় ঘোষণা শেষে আসামিদের কড়া নিরাপত্তায় কারাগারে নিয়ে যায় পুলিশ।