নারায়ণগঞ্জে হাসপাতালের ভেতর অ্যাম্বুলেন্সে আগুন, দগ্ধ ২
আকস্মিক এ আগুনের ঘটনায় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে যায়।
আড়াই বছরের অসুস্থ এক শিশুকে রাজধানী ঢাকার হাসপাতালে নিয়ে যেতে প্রস্তুতি নিচ্ছিলেন চালক। অ্যাম্বুলেন্স চালু করতেই হঠাৎ লেগে যায় আগুন। মুহূ্তেই দাউদাউ করে জ্বলে ওঠে পুরো অ্যাম্বুলেন্স। এতে চালকসহ ওই শিশুর এক স্বজন দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
এতে দগ্ধ হয়েছেন অ্যাম্বুলেন্সের চালক ৩০ বছর বয়সী বিজয় ও বন্দর উপজেলার রাজবাড়ী এলাকার রোজিনা বেগম (৫০)।
অ্যাম্বুলেন্সের সামনেই দাঁড়ানো ছিলেন রোজিনার বোন ফরিদা বেগম। আগুন লাগার পরপরই আতঙ্কে তিনি দৌড়ে কিছুটা দূরে সরে গেলে দুর্ঘটনা থেকে রক্ষা পান। আর শিশুটিকে তখন জরুরি বিভাগ থেকে অ্যাম্বুলেন্সের কাছে আনার প্রস্তুতি চলছিল।
আহত চালককে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
আর দগ্ধ রোজিনা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ফরিদা বেগম বলেন, তার নাতি আয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তারা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে থাকা জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে ঢাকার বিশেষায়িত একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিলে স্বজনরা বেসরকারি একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন।
“অ্যাম্বুলেন্সে ওঠার আগেই হঠাৎ আগুন জ্বলে ওঠে। প্রচণ্ড তাপে আমরা সবাই ছোটাছুটি করে পালাই। কিন্তু কাছাকাছি থাকায় রোজিনার পা ঝলছে গেছে।”
খবর পেয়ে হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের একটি দল আগুন নেভায় বলে জানান নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
তিনি বলেন, “বেসরকারি শীতাতাপ নিয়ন্ত্রিত একটি অ্যাম্বুলেন্স রোগী নিয়ে ঢাকায় যাওয়ার জন্য দাঁড়িয়ে ছিল। রোগী ওঠার আগে চালক ইঞ্জিন চালু করতেই ভেতরে সিলিন্ডারের লিক থেকে জমে থাকা গ্যাসের কারণে আগুন ধরে যায়। এতে চালক ও রোগীর একজন স্বজন দগ্ধ হন।”
এদিকে আকস্মিক এ আগুনের ঘটনায় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে যায়। হাসপাতালের ভেতরে থাকা রোগী ও তাদের স্বজনরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন।
হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি শারমিন আক্তার বলেন, “ভয়ে আমরা তাড়াহুড়ো করে হাসপাতাল থেকে বেরিয়ে আসি। বেরিয়ে দেখি অ্যাম্বুলেন্সে আগুন জ্বলছে। আতঙ্কে আমরা রাস্তায় অবস্থান নেই।”
