২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাড়ির সীমানার বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

চাচাতো ভাইদের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে দা ও টেটা নিয়ে তার ওপর হামলা করা হয় বলে জানান স্বজনরা।

মানিকগঞ্জে বাড়ির সীমানার বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
নিহত হানিফ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় কয়েকজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

শনিবার বিকাল ৪টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের আঠালিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান সিংগাইর থানার ওসি জেএমও তৌফিক আজম।

নিহত হানিফ (৫৫) ওই গ্রামের ইলা ব্যাপারীর ছেলে। তিনি মমতাজ চক্ষু হাসপাতালের এক চিকিৎসকের গাড়ি চালক ছিলেন। তবে আটকদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে হানিফের সঙ্গে তার চাচাতো ভাই স্বাধীন ওরফে সেন্টু (২৫) ও জাহাঙ্গীরের (২০) বিরোধ চলছিল। বিকালে হানিফের সঙ্গে তার চাচাতো ভাইদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে দা ও টেটা নিয়ে তার ওপর হামলা করা হয়।

স্থানীয়রা হানিফকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হানিফের মেয়ে স্মৃতি বলেন, কথা-কাটাকাটির এক পর্যায়ে স্বাধীন ও জাহাঙ্গীর রামদা ও টেটা দিয়ে বাবাকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরপর তারা পালিয়ে যান।”

ওসি তৌফিক আজম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে স্বাধীন ও জাহাঙ্গীরের মোবাইলে ফোন করা হলে, তাদের নম্বর বন্ধ পাওয়া গেছে।